২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিয়াঙ্কার সঙ্গে আমার তুলনা অন্যায্য : দীপিকা

দীপিকা পাড়ুকোণ বলেছেন, প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে তার তুলনা করাটা অন্যায্য।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2017, 06:49 PM

Updated : 11 Apr 2022, 10:52 PM

ভারতীয় হয়েও দুজনই পড়ি জমিয়েছেন পশ্চিমে। ভিন ডিজেলের বিপরীতে দীপিকার প্রথম হলিউডি সিনেমা ‘ট্রিপল এক্স : রিটার্ন অফ জেন্ডার কেইজ’ মুক্তি পেয়েছে এরমধ্যেই। ওদিকে প্রিয়াঙ্কাও অপেক্ষায় আছেন তার প্রথম হলিউডি সিনেমা ‘বেওয়াচ’-এর মুক্তির জন্য। দুই অভিনেত্রীকে নিয়ে তাই ভারতীয় গণমাধ্যমে তুলনা চলবে- এটাই স্বাভাবিক।

তবে দীপিকা নিজে বিষয়টিকে স্বাভাবিকভাবে নিচ্ছেন না।

হিন্দুস্তান টাইমস বলছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা এ ব্যাপারে বলেন, “এভাবে তুলনা করাটা অন্যায্য। তার চেয়ে এটা বলুন, সবারই ভিন্ন ভিন্ন পথ ও যাত্রা রয়েছে।”

‘বেওয়াচ’-এর আগেই ‘কোয়ান্টিকো’ দিয়ে মার্কিন টেলিভিশনে আসন পোক্ত করা প্রিয়াঙ্কা অবশ্য দারুণ খুশি দীপিকার হলিউডি সাফল্যে।

সম্প্রতি ‘কফি উইথ করণ’-এ তিনি বলেন, “দীপিকাকে ‘ট্রিপল এক্স’-এ কাজ করতে দেখাটা আনন্দের। এছাড়াও সোনম কাপুর কিংবা আরও যারা যুক্তরাষ্ট্রে কাজ করতে আগ্রহী ভবিষ্যতে, আমি আশা করি তারা এখনই প্রস্তুতি নেওয়া শুরু করেছেন।”

দীপিকা-প্রিয়াঙ্কার পদচিহ্ন অনুসরণ করে শিগগিরই সোনম কাপুরকেও দেখা যেতে পারে মার্কিণ চলচ্চিত্রে অভিনয় করতে।