২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘শাহরুখের সঙ্গে সিনেমার প্রচার চালানো আমার অধিকার’

ভারতীয় অভিনেতা শাহরুখ খান-এর সঙ্গে মিলে নিজেদের নতুন সিনেমা ‘রইস’-এর প্রচার চালাতে চান পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2017, 08:28 PM

Updated : 11 Apr 2022, 10:51 PM

ভারত-পাকিস্তানের শীতল সম্পর্কের কারণে হিন্দি সিনেমা ‘রইস’-এর অভিনেত্রী মাহিরা খান ভারতে এর প্রচার চালাতে পারছেন না। পাকিস্তানে সিনেমাটি মুক্তি পাবে কিনা, এব্যাপারেও নিশ্চিত নন তিনি।

তিনি বলেন, “আমিও সিনেমাটির প্রচার চালাতে চাই। এছাড়াও আমি শাহরুখ খান-এর সঙ্গে একটি সাক্ষাৎকারে অংশ নিতে চাই, যেখানে আমরা একসঙ্গে সিনেমাটি নিয়ে কথা বলবো। কেন নয়? কেন আমি এটা চাইলেই আমাকে বলা হবে আমি বেশি আশা করছি? আমি করছি না। এটা আমারও ছবি। এটা আমার অধিকার।”

পাকিস্তানি পত্রিকা ডনকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহিরা আরও বলেন, তিনি চান পাকিস্তানেও দেখানো হোক সিনেমাটি।

মাহিরা বলেন, “আমি চাই, আমার দেশে সিনেমাটি দেখানো হোক। আমি চাই এটি সবাই দেখুক, পৃথিবীর সবাই। আমার বন্ধুরা আমাকে বলে, তুমি যে এটা করেছো, এটাই অনেক। আমিও সেটা মনে করি; কিন্তু আমার ভেতরের একটা অংশ আমাকে প্রতিনিয়ত বলে, না। আমি চাই গত দুই বছর ধরে আমার ঘাম আর রক্ত দিয়ে আমি যেটা অর্জন করেছি, সেটা সবাই দেখুক। এমনকী যদি তাতে আমি ব্যর্থ হই তারপরও।”

শাহরুখ খানের সঙ্গে কাজের অভিজ্ঞতাও ওই সাক্ষাৎকারে তুলে ধরেন মাহিরা।

তিনি বলেন, “তিনি এক জাদুকর! সত্যিই, তিনি আমার মাথা সারা জীবনের জন্য খেয়ে ফেলেছেন! তিনি আমাকে সারাক্ষণ বলতেন, এটা এভাবে কর, ওটা ওভাবে কর। একবার আমি জিজ্ঞেস করলাম, আমি কি কোনকিছু ঠিকভাবে করছি না? তিনি বললেন, দেখ, আমি তোমাকে সেসবই বলছি, যেগুলো আমি জানি। আমি চাইনা সিনেমা মুক্তির পর তুমি আমাকে বল, আপনি তো এটা আমাকে বলেননি!”

কাশ্মিরে ভারতীয় সৈন্যদের ওপর পাকিস্তানি জঙ্গি হামলার পর থেকে দুই দেশের বিনোদন জগতে এর ছাপ পড়ে প্রকটভাবে। হিন্দি ছবিতে অভিনয় করা পাকিস্তানি তারকারা প্রাণনাশের হুমকি পান ভারতীয় উগ্রবাদি এক সংগঠন থেকে। পাকিস্তানে নিষিদ্ধ করা হয় ভারতীয় ছবি।

এরপর থেকেই ভারত ছেড়ে চলে যেতে হয় পাকিস্তানি শিল্পীদের। এই তালিকায় ছিলেন মাহিরাও।