২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কারিনা এবং আমি সন্তানের নামটি পছন্দ করেছি’

অত্যাচারি মুসলিম শাসকের নামে সন্তানের নাম রাখায় সমালোচনার মুখে পড়তে হয়েছে সাইফ-কারিনা দম্পতিকে। এবারে নিন্দুকের সমালোচনার জবাব দিলেন সাইফ আলী খান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2017, 08:30 PM

Updated : 11 Apr 2022, 10:49 PM

গর্ভধারনের খবর চাউর হওয়ার পর থেকেই সাইফ-কারিনার সন্তানকে ঘিরে ভক্তদের আগ্রহ ছিলো তুঙ্গে। সন্তানের কী নাম রাখা হবে তা নিয়েও হয়েছিলো নানা জল্পনা-কল্পনা। অবশেষে যথন জানা গেলো সেই কাঙ্খিত নাম তখন তা ভালোভাবে মেনে নিতে পারেননি অনেকেই। কারণ, সাইফ-কারিনার পুত্রসন্তানের নামের সঙ্গে মিলে গেছে এক অত্যাচারি মুসলিম শাসকের নাম, যিনি কিনা নির্বিচারে হত্যা করেছিলেন হিন্দু প্রজাদের।

নিন্দা করেই ক্ষান্ত হননি তারা। ফেইসবুকে এ নিয়ে ট্রল করে সাইফ-কারিনাকে অপদস্থ করারও চেষ্টা করেছেন অনেকেই। এ নিয়ে মানসিকভাবে বেশ আঘাত পেলেও গণমাধ্যমে মুখ খোলেননি সাইফ-কারিনা। এবারে সমালোচনার জবাব দিলেন সাইফ।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাতকারে সাইফ আলী খান বলেন, “কারিনা এবং আমি দু’জন মিলে পছন্দ করেই আমাদের সন্তানের নাম রেখেছি তৈমুর আলী খান। যে তুর্কি শাসকের সঙ্গে এই নামটির তুলনা করা হচ্ছে সেটি হলো ‘তিমুর’ আর আমাদের ছেলের নাম ‘তৈমুর’। দু’টি নাম পরোপুরি এক নয়।”

সাইফ আরও বলেন, “আরবিতে তৈমুর মানে হলো ‘লোহা’। আমরা আমাদের ছেলেকে লোহার মতই শক্তিশালী আর দৃঢ় হিসেবে বড় করতে করতে চাই। এ কারনেই এই নামটি রাখা। এছাড়া আমাদের এক ভাইয়ের নাম ছিলো তৈমুর। তার স্মৃতির প্রতি শ্রদ্ধাস্বরূপ এই নামটি রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা। যেমন আমার মেয়ে ‘সারা’র নাম রাখা হয়েছিলো আমাদের আরেক প্রয়াত বোনের নামানুসারে।”

সমালোচকদের উদ্দেশ্যে সাইফ বলেন, “ভারত একটি উদার ও মুক্তমনা রাষ্ট্র। এখানে সবারই তার মত প্রকাশের অধিকার রয়েছে। তবে আমি বলবো কোনো কিছু নিয়ে সমালোচনা করার আগে ভালোভাবে জেনে নিন ঘটনাটা আসলে কী।”