ভালোবাসা দিবসে ইমরান-পড়শীর ডুয়েট
প্রথমবারের মতো দ্বৈত অ্যালবাম নিয়ে আসছেন সংগীতশিল্পী ইমরান ও পড়শী।
এই সময়ের জনপ্রিয় দুই শিল্পী ইমরান ও পড়শী। ‘জনম জনম’ ও ‘জয় হবেই হবে’সহ দুজনের গাওয়া বেশ কয়েকটি গান ইতিমধ্যেই বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এবার আর সিঙ্গল নয় পুরো অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন তারা।
ভালোবাসা দিবস উপলক্ষে এই দুই জনপ্রিয় শিল্পী প্রকাশ করতে যাচ্ছেন তিন গানের ইপি অ্যালবাম। রবিউল ইসলাম জীবনের কথায় রোমান্টিক ডুয়েট গানগুলোতে কণ্ঠ মিলিয়েছেন ইমরান পড়শী। অ্যালবামটির সুর ও সংগীতায়োজন করছেন ইমরান।
এরইমধ্যে একটি গানে কণ্ঠ দিয়েছেন ইমরান ও পড়শী। গানটির শিরোনাম ‘আবদার’। বাকি গান দুটির রেকর্ডিং কিছুদিনের মধেই সম্পন্ন হবে। ভালোবাসা দিবসকে সামনে রেখে সিডি চয়েসের ব্যানারে বাজারে আসবে অ্যালবামটি। অডিওর পাশাপাশি একটি গানের ভিডিও আসবে একই সময়ে।
এ প্রসঙ্গে ইমরান বলেন, “পড়শী আর আমি যে গানগুলোতে কণ্ঠ দিয়েছি প্রায় সবগুলোই শ্রোতারা গ্রহণ করেছেন। ভালোবাসা দিবসকে সামনে রেখে এবার ভালোবাসার গান নিয়ে পুরো অ্যালবাম করছি আমরা। অনেক যত্ন নিয়ে গানগুলো করছি। আশা করি সবার ভালো লাগবে।”
পড়শী বলেন, “ইমরান ভাই এই সময়ের অন্যতম জনপ্রিয় গায়ক। তার সুর-সংগীতও সবাই বেশ পছন্দ করছে। তার ওপর রবিউল ইসলাম জীবনের কথা। সব মিলিয়ে এই অ্যালবামটি বেশ জনপ্রিয়তা পাবে বলেই আমার বিশ্বাস।”
ভালোবাসা দিবসের গানে অ্যালবামটি অন্যমাত্রা যুক্ত করবে বলে মনে করছেন শিল্পীদ্বয়।
