নির্বাচন ঘিরে ফেরদৌসের সিদ্ধান্ত চূড়ান্ত নয়!
আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ অংশ গ্রহন করছেন- এমন খবর অনেক আগেই বিএফডিসি প্রাঙ্গন ও সিনেপাড়ায় রটেছে। কিন্তু তার নির্বাচনে অংশ নেওয়াটা যে এখনও চূড়ান্ত নয়, শনিবার বিকেলে গ্লিটজকে এমন কথাই শোনালেন ‘হঠাৎ বৃষ্টি’খ্যাত এই নায়ক।
তিনি বলেন, “শিল্পী সমিতির নির্বাচনে আমি অংশগ্রহন করছি একথা কখনও বলিনি। অন্যদিকে নির্বাচনে আমি অংশগ্রহন করবো না এমনটিও বলিনি। আসলে এই ব্যাপারে আমি এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহন করিনি।”
এদিকে শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে জমে উঠেছে বিএফডিসির প্রাঙ্গন। এই নির্বাচনকে কেন্দ্র করে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল ও ওমর সানি-ফেরদৌস প্যানেলকে ঘিরে ভোটাররা তাদের আগামী দিনের নেতা নির্বাচনের সমীকরন এরমধ্যেই মেলানো শুরু করেছেন। এরমধ্যে মিশা সওদাগর ও জায়েদ খান নিজেদের অনানুষ্ঠানিক প্রচারণাও শুরু করেছেন।
কিন্তু সম্প্রতি ওমর সানি-ফেরদৌস প্যানেলকে ঘিরে সৃষ্টি হয়েছে নতুন জটিলতা। কারণ, এই প্যানেল থেকে ফেরদৌসের পরিবর্তে থাকছেন খলচরিত্রের অভিনেতা ইলিয়াস কোবরা- হঠাৎ তরেই শোনা যাচ্ছে এমন খবর।
সেক্ষেত্রে নির্বাচন থেকে কি ফেরদৌস সড়ে দাড়ালেন? গ্লিটজের এমন প্রশ্নে দিলেন কৌশলী জবাব।
বললেন, “আমি পুরো বিষয়টি আসলে পর্যালোচনা করছি। কারণ শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ র্পূণ হওয়া ও কমিটির সদস্যদের ক্ষমতা ছেড়ে দেওয়ার পরে নির্বাচনের আগে যে সময়টুকু পাওয়া যাবে, সেই সময়ে আমি নির্বাচনে অংশ নিলে পর্যাপ্ত সময় দিতে পারবো কিনা, এসবের উপর আমার সিদ্ধান্ত নির্ভর করছে। তবে যদি সবকিছু ব্যাটে-বলে মিলে যায় তাহলেই কেবল নির্বাচনে অংশ নেবো।”
চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই বর্তমান শিল্পী সমিতির মেয়াদ পূর্ণ হচ্ছে। এরপর সবকিছু ঠিকঠাক মত চললে মার্চ মাসেই অনুষ্ঠিত হবে শিল্পী সমিতির নির্বাচন।
