প্রশংসিত ‘হারালো অজানায়’
ইউটিউবে সাড়া ফেলেছে সদ্য মুক্তি পাওয়া মিউজিক্যাল ফিল্ম ‘হারালো অজানায়।
১২ জানুয়ারি ইউটিউবে মুক্তি পেয়েছে মিউজিক্যাল ফিল্ম ‘হারালো অজানায়। ফিল্মটিতে জুটি বেঁধেছেন তরুণ প্রজন্মের প্রতিশ্রুতিশীল অভিনয় শিল্পী অর্চিতা স্পর্শিয়া ও তৌসিফ মাহবুব। কণ্ঠশিল্পী নাহিদ মেহেদীর গান নিয়ে ফিল্মটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। গীতিকার সূচি’র রচনায় ‘হারালো অজানায়’ গানটির সংগীত পরিচালনা করেছেন অদিত।
এই মিউজিক্যাল ফিল্মের নায়িকা অর্চিতা স্পর্শিয়া বলেন, “গান পছন্দ হওয়ার পর যখন ভিডিওর জন্য একটা দারুণ গল্প পাই তখন আরও ভালো লাগে। এই গানটি তেমন কিছুই হয়েছে। যেখানে আমি প্রাণখুলে হেসেছি, ভালোবেসেছি এবং মৃত্যুর পথ থেকে বেঁচে এসেছি। সব মিলিয়ে এটা একটা অসাধারণ কাজ হয়েছে। আমার ভক্তদের জন্য নতুন বছরের সবচেয়ে বড় চমক এটি।”
‘হারালো অজানায়’-এর কণ্ঠশিল্পী নাহিদ মেহেদী বলেন, “অদিতের সুরে যাদু আছে। আমি আমার সবটুকু উজাড় করেই গেয়েছি। স্পর্শিয়া আর তৌসিফও গল্প অনুযায়ী অংশু ভাইয়ের নির্দেশনায় শতভাগ আশাপূরণ করেছেন। আমার দৃঢ় বিশ্বাস এই গানটি দর্শক শ্রোতাদের মনের গহীনে দাগ কেটে যাবে। কারণ, সময়ের সাথে সাথে গান যায়, গান আসে। সেই ফাঁকে কিছু গান থেকে যায় মনের গহীন চিলেকোঠায়। এই গানের গল্পটি তেমন কিছুই হবে, আশা করি।”
ছবির নায়ক তৌসিফ বলেন, “হৃদয়স্পর্শী একটা গল্প আছে এখানে। গানটিও অদ্ভুত সুন্দর। যা, না দেখলে অনুভব করানো মুশকিল। প্লিজ দর্শক- দেখে নিন একবার, পরে না হয় কথা বলি।”
গানটির প্রযোজক ও পরিবেশক এসকে সাহেদ আলী বলেন, “সিএমভির ব্যানারে নতুন বছরের অন্যতম মিউজিক্যাল ফিল্ম হিসেবে ‘হারালো অজানায়’ আন্তর্জাতিকভাবে মুক্তি দেওয়াটা আমাদের জন্য আনন্দের বিষয়। চলতি বছর এমন আরও বড় বড় চমক থাকছে এই ব্যানার থেকে।
মুক্তির একদিনের মাথায় অন্তর্জালে বেশ আলোচিত হয়েছে ফিল্মটি। ৪ মিনিট ৪৪ সেকেন্ডের এ মিউজিক্যাল ফিল্মটি এরই মধ্যে উপভোগ করেছেন প্রায় চল্লিশ হাজারের বেশি দর্শক।
