‘প্যাডম্যানে’ অক্ষয়ের বিপরীতে সোনাম ও রাধিকা
‘প্যাডম্যান’ সিনেমায় অক্ষয় কুমারের বিপরীতে চুক্তিবদ্ধ হয়েছেন সোনম কাপুর ও রাধিকা আপ্তে।
সিনেমাটি তৈরির খবর প্রকাশ পাওয়ার পর থেকেই সবার মাঝে দারুণ সাড়া পড়ে গিয়েছে। বলিউডের সর্বত্রই এখন অক্ষয় কুমারের ‘প্যাডম্যান’ এর চর্চাই চলছে। বাস্তব জীবনের কাহিনির উপর ভিত্তি করে নির্মাণ হতে যাওয়া এই সিনেমায় অক্ষয়ের বিপরীতে কে থাকবেন সেটা নিয়েও শুরু হয়েছিল জল্পনা কল্পনা। এবার জানা গেলো, সিনেমায় থাকছেন সোনাম কাপুর এবং রাধিকা আপ্তে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, অরুনাচলম মুরুগানাথম নামক এক ব্যক্তির জীবনের কাহিনি নিয়ে তৈরি হচ্ছে ‘প্যাডম্যান’। এখানে দেখানো হবে এমন এক স্বামীর গল্প যিনি মেয়েলি স্বাস্থ্যজনিত কারণে নিজের স্ত্রীর মৃত্যুর পর পুরো এলাকার নারীদের মাঝে স্বল্পমূল্যে তৈরি করা স্যানিটারি প্যাড বিতরণ করে বেড়ান।
দুর্দান্ত এই গল্পের উপর ভিত্তি করে তৈরি করা সিনেমায় থাকতে পেরে গর্বিত সোনাম, “এই সিনেমার অংশ হতে পেরে আমি সত্যিই খুব গর্বিত।”
রাধিকা আপ্তেও নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন টুইটে।
বাস্তব জীবনের চরিত্র নিয়ে কাজ করতে বরাবরই পছন্দ করেন অক্ষয়। কিছুদিন আগেই টুইটে এই সিনেমার ব্যাপারে সবাইকে জানিয়েছিলেন তিনি। আগের বছর ‘রুস্তম’ সিনেমায় তার অভিনয় দারুণভাবে প্রশংসিত হয়েছিল। সামনেই মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘জলি এলএলবি-টু’।
