২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেই অপেক্ষার দিন আজ শেষ হয়েছে : মিম

২৭ জানুয়ারি মুক্তি পাবে তানিয়া আহমেদ পরিচালিত চলচ্চিত্র ‘ভালোবাসা এমনই হয়’। চলচ্চিত্রটির মাধ্যমে ফের বড়পর্দায় আসছেন বিদ্যা সিনহা মিম। সম্প্রতি সিনেমাটির খুটিনাটি দিক নিয়ে শিল্পী ও কলাকুশলীদের উপস্থিতিতে এক পোস্টার উন্মোচন ও আলোচনার আয়োজন করা হয় চ্যানেল আই প্রাঙ্গণে। অনুষ্ঠানে মিম জানান তার দীর্ঘ অপেক্ষার সমাপ্তি হতে যাচ্ছে চলচ্চিত্রটি মুক্তির মধ্য দিয়ে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2017, 09:43 PM

Updated : 11 Apr 2022, 10:46 PM

আলোচনা অনুষ্ঠানে ‘ভালোবাসা এমনি হয়’ সিনেমাটির পেছনের গল্প থেকে শুরু করে ছবির দৃশ্য ধারণ নিয়েও কথা বলেন তানিয়া আহমেদ। গল্প, দৃশ্য ধারণ আর নতুন জুটি ইরফান সাজ্জাদ-মিমের রসায়নে দর্শক নতুন কিছু খুঁজে পাবে বলেও জানান নতুন পরিচালক তানিয়া আহমেদ।

অনুষ্ঠানে মিম সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমি প্রথমেই ধন্যবাদ জানাই ইমপ্রেস টেলিফিল্মকে। যেটি না থাকলে আমি আজকের মিম হয়ে উঠতাম না। ন্যাশনাল এ্যাওয়ার্ড পেতাম না। এই ছবিটি একদমই অন্যরকম একটা গল্প। ঠান্ডার মধ্যে লন্ডনে শুটিং করেছি। ছোট ছোট কাপড় পরতে হয়েছে। কাজ করতে অনেক কষ্ট হয়েছিল। আসলে আমি এই ছবির জন্য অনেকদিন ধরেই অপেক্ষা করে ছিলাম। সেই অপেক্ষার দিন আজ শেষ হয়েছে।”

চলচ্চিত্রটির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোটপর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ-এর।

তিনি বলেন, “আমি বলব, সম্পূর্ন মন-প্রাণ দিয়ে আমি কাজটি করেছি। ছবি ভালভাবে করার জন্য কারো ভালোবাসার কোনো কমতি ছিলো না। আসলে ভালবাসা এমনই হয়। এমন না হলে ছবিতে কাজের প্রতি ভালবাসা হয় না। আমাদের সবার এই একান্ত ভালবাসার ছবি সবার কাছে নন্দিত হবে এটাই আশা করছি।’

‘ভালোবাসা এমনি হয়’ ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, “সিনেমাটি ২০১৭ সালে  আমাদের প্রথম ছবি। ইমপ্রেস টেলিফিল্ম-এর ১০৫ তম চলচ্চিত্র এটি। রোমান্টিক ও অ্যাকশনধর্মী এই পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রটি গার্ডেন অফ লন্ডন হিসেবে পরিচিত কেন্ট শহরে চিত্রায়িত হয়েছে। ইরফান সাজ্জাদ-বিদ্যা সিনহা মিম কিন্তু রিয়েলিটি শো এর মাধ্যমে এতো বড় একটা প্লাটফর্মে এসেছে। অন্যদিকে এই ছবির পরিচালক তানিয়া মিডিয়ায় পদার্পন হেনোলাক্স এর বিজ্ঞাপনের মডেল হিসেবে। এই ছবির তিনজনের পদার্পনের পেছনে চ্যানেল আই এর একটি ভূমিকা ছিলো।এই ছবির ৮৫% চিত্রায়িত হয়েছে লন্ডনে। ছবিটি সবার নজর কাড়বে আশা করি।”

অনুষ্ঠানে নির্মাতা তানিয়া আহমেদ ইমপ্রেস টেলিফিল্মের কাছে চলচ্চিত্রটি প্রযোজনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। নিজের বক্তব্যে চলচ্চিত্রটির আরেক অভিনেতা মিশু সাব্বির সবাইকে স্বপরিবারে চলচ্চিত্রটি হলে দেখার আমন্ত্রণ জানান।

বক্তব্য পর্ব শেষে চলচ্চিত্রটির পোস্টার উন্মোচন করা হয়। চ্যানেল আই এর চেতনা চত্ত্বরে উড়ানো হয় বেলুন। এরপর সবাইকে সাথে নিয়ে ডিজিটাল স্ক্রিনে বিলবোর্ড উম্মোচন করা হয়। এই ছবির ট্রেইলার একই সময়ে চ্যনেল আই এর পর্দায় লাইভ দেখানো হয়।