২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দানা মাঝি এবার চলচ্চিত্রে

স্ত্রীর লাশ কাঁধে নিয়ে ১০ কিলোমিটার হেঁটে যাওয়া উড়িষ্যার সেই আলোচিত ঘটনা নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দানা মাঝি’। বাবুল হৃদয়ের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত চলচ্চিত্রটির প্রিমিয়ার হয়ে গেলো রোববার বিশ্বসাহিত্য কেন্দ্রের চলচ্চিত্র প্রদর্শন কেন্দ্রে। চলতি মাস থেকেই ৮টি বিভাগীয় শহরের ২০টি জেলায় চলচ্চিত্রটি প্রদর্শিত হতে যাচ্ছে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2017, 06:22 PM

Updated : 11 Apr 2022, 10:47 PM

অর্থাভাবে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করতে না পেরে স্ত্রীর মরদেহ কাঁধে নিয়ে ১২ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন ভারতের উড়িষ্যা রাজ্যের এক হতদরিদ্র। নাম দানা মাঝি। শহর থেকে ৬০ কিলোমিটার দূরে মাঝির গ্রাম। সেখানে লাশ নিয়ে যাওয়ার জন্য গাড়ি কিংবা অ্যাম্বুলেন্স ভাড়া করার মতো আর্থিক সঙ্গতিও তার ছিলো না। তাই জীবনসঙ্গীনির নিথর দেহটিকে বয়ে নিয়ে ১০ কিলোমিটার পথ পায়ে হেটেছেন তিনি। এমন মানবিক সত্য ঘটনাকে চলচ্চিত্রের রূপ দিলেন বাবুল হৃদয়।

চলচ্চিত্রটি প্রসঙ্গে তিনি বলেন, “সারা বিশ্বে আলোচিত এ সংবাদটি প্রকাশিত হওয়ার পর এর মানবিক দিকটি আমাকে ভীষণভাবে নাড়া দেয়। তাই চলচ্চিত্রটি নির্মাণে উদ্যোগী হই। এ চলচ্চিত্রে যেমন স্ত্রীর প্রতি গভীর প্রেমের দিকটি উঠে এসেছে, তেমনি গণমাধ্যমের সচেতনতার দিকটিও তুলে ধরতে পেরেছি। আশা করছি চলচ্চিত্রটি আমাদের মানবিক বোধকে শানিত করবে।”

নির্মাতা জানান, গাজীপুর পোড়াবাড়ি, টঙ্গি ও ঢাকার বিভিন্ন লোকেশানে চলচ্চিত্রটি চিত্রায়িত হয়। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ট্রেড মিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার সাহাদাত হোসেন বলেন, রংপুর, চিটাগাং, ময়মনসিংহ সহ দেশের ২০টি জেলায় পর্যায়ক্রমে ছবিটি শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন মিলনায়তনে প্রদর্শিত হবে। রংপুর বিভাগীয় শহর দিয়ে এর যাত্রা শুরু হবে। 

‘দানা মাঝি’ ছবিতে অভিনয় করেছেন, তারেক ইসলাম, ফাহমিদা ফ্লোরা, লাকি আক্তার, শেখ লিমন,  লতিফুর রহমান, দিপু, সুমন চৌধুরী,রুবেল, স্নিগ্ধা খানম, লায়লা পারভীন কেয়া, মেহেদী হাসান বাবু, ফারহানা সিলভি ও জাহাঙ্গীর হোসেন। এর চিত্রগ্রহন করেছেন সাব্বির আহমেদ,সম্পাদনা করেছেন পার্থিব রাশেদ, সংগীত পরিচালনা করেছেন মেহেদী রওশন তোতা।