২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দশম মঞ্চায়নে বাতিঘরের ‘ঊর্নাজাল’

ঢাকার মঞ্চে যুক্ত হয়েই প্রথম প্রযোজনাতেই প্রশংসিত হয় বাতিঘরের নতুন নাটক ‘ঊর্ণাজাল’। বাকার বকুলের রচনা ও নির্দেশনায় এটি নাট্যদল বাতিঘরের প্রথম পূর্ণাঙ্গ মঞ্চনাটক।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2017, 07:06 PM

Updated : 11 Apr 2022, 10:46 PM

১০ জানুয়ারী বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এই নাটকটির ১০ম প্রদর্শনী মঞ্চস্থ হবে। 

বিদেশ থেকে শিক্ষাজীবন শেষ করে নিজ গ্রামে ফেরে খালেদ (মুক্ত নীল)। দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হয় গ্রামবাসীর। স্কুলের জন্য রেখে যাওয়া বাবার স্বপ্নের একখণ্ড জমিতে মাদ্রাসা গড়ে তোলে সে। অন্যদিকে, সাঁইজির আখড়ায় বেড়ে ওঠা গায়েন সয়ফুল (সাদ্দাম) খালেদের বাল্যবন্ধু। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে শিল্পের মনঃসংযোগ থেকে বিচ্ছিন্ন হয় শিল্পী। ঘুণে কাটে একতারাটি। চোখ দান করে যাওয়া জয়নাল গাতকের জানাজা পড়ানোর দায়ে ইমামের জিভ কেটে নেয় কে বা কারা। সুযোগে ধর্মীয় মতবাদের আশ্রয়ে ঢুকে পড়ে অপকৌশল-কূটনীতি। এভাবেই এগিয়েছে নাটকের কাহিনি।

নির্দেশক বাকার বকুলের লেখা প্রথম নাটক এটি। তার মতে, মানুষের সুশিক্ষায় স্থির থাকতে না পারা, অশিক্ষাকে শিক্ষা বলে গ্রহণ করা এবং নিজস্ব সংস্কৃতিকে চিনতে না পারার দৃষ্টিহীনতা এই নাটকে ঘুরে ফিরে এসেছে।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুক্ত নীল, ফিরোজ মুনীর, সঞ্জয় হালদার, শাফিন আহমেদ অশ্রু, সঞ্জয় গোস্বামী, শিশির সরকার, তাজিম আহমেদ শাওন, সাবরিনা শারমিন, সাদিয়া ইউসুফ বৃতা, ফয়সাল, স্মরণ বিশ্বাস, অপূর্ব কুমার প্রমুখ।