২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেলিম আল দীন স্মরণ উৎসব ২০১৭

রবীন্দ্র পরবর্তী যুগে বাংলা নাটকের পুরোধা সেলিম আল দীনের প্রয়াণ দিবস উপলক্ষে অনুষ্ঠিত হবে ‘সেলিম আল দীন স্মরণ উৎসব ২০১৭’।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2017, 06:26 PM

Updated : 11 Apr 2022, 10:46 PM

বাংলাদেশ গ্রাম থিয়েটার ও ঢাকা থিয়েটারের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ১৪ জানুয়ারি থেকে শুরু হবে চারদিন ব্যাপি এই স্মরণ উৎসব। শেষ হবে ১৭ জানুয়ারি।

এই উৎসবে নাট্যাচার্যকে শ্রদ্ধাজ্ঞাপনের পাশাপাশি নাটক, সেমিনারেরও আয়োজন রয়েছে।

১৪ জানুয়ারি সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে।

একই দিন বিকাল তিনটায়  জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষের ৭ম তলায় রয়েছে সেমিনার। নাসির উদ্দিন ইউসুফের সভাপতিত্বে এখানে প্রবন্ধ পাঠ করবেন অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ।

১৫ জানুয়ারি সন্ধ্যা ছয়টায় উৎসবের উদ্বোধন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। একই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় বগুড়া থিয়েটার মঞ্চস্থ করবে সেলিম আল দীন রচিত নাটক ‘বাসন’। নাটকটি নির্দেশনা দিয়েছেন ফারুক হোসেন।

১৬ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় একই হলে ভোলা থিয়েটার মঞ্চস্থ করবে সেলিম আল দীন রচিত নাটক ‘ গ্রন্থিকগণ কহে’। রেজা মোহাম্মদ আরিফের পাণ্ডুলিপি সম্পাদনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন অনিক কুমার সাহা।

উৎসবের সমাপনী দিন ১৭ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় সঙ থিয়েটার মঞ্চস্থ করবে সেলিম আল দীন রচিত নাটক ‘ শকুন্তলা’। নাটকটি নির্দেশনা দিয়েছেন প্রসেনজিৎ পাল।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে উৎসবের আয়োজন সম্পন্ন হবে।