ওবামাকে হলিউড-এর বিদায়
যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার সম্মানে হোয়াইট হাউজ আয়োজন করেছিল একটি পার্টির। শুক্রবারের ওই আয়োজনে প্রিয় রাষ্ট্রপতিকে বিদায় জানাতে হাজির হয়েছিলেন হলিউডি অনেক তারকাই।
হলিউড রিপোর্টার বলছে, তারকাখচিত ওই পার্টিতে অংশ নেন রবার্ট ডি নিরো, মেরিল স্ট্রিপ এবং টম হ্যাঙ্কস-এর মতো তারকারা।
ফোন ব্যবহারের অনুমতি না থাকলেও ওইদিন অনেক তারকারই টুইটার এবং ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে ওবামার বিদায়ী পার্টির খবর জানা যায়।
গায়ক নিক জোনাস পার্টিতে ঢোকার আগে টুইট করেন, “প্লেন থেকে নেমে সোজা হোয়াইট হাউজে।”
ওবামার বিদায়ী সম্বর্ধনায় তারকাদের উপস্থিতির খবরটি এমন সময়ে এলো যখন ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়ে একের পর এক তারকা শিরোনামে আসছেন।
২০ জানুয়ারি থেকে হোয়াইট হাউজের দখল চলে যাবে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর প্রসাশনের হাতে।
