‘অভিভাবকদের উচিত ছেলেদের নারীকে সম্মান করতে শেখানো’
নতুন বছরকে স্বাগত জানাতে গোটা পৃথিবী যখন মেতে উঠেছিল উৎসবে, তখন ভারতের বেঙ্গালুরুতে নারীরা শিকার হন গণ শ্লিলতাহানির। নিন্দনীয় এই ঘটনার বিরুদ্ধে সোচ্চার দেশটির বিনোদন জগৎও। এবার এ বিষয়ে মুখ খুললেন শাহরুখ খান।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “অন্যসব তারকাদের মতোই আমার অনুভূতিও একই। আমি মনে করি যা হয়েছে তা খুবই অন্যায়। বাবা-মাদের উচিৎ ছেলেদের এমনভাবে বড় করা যাতে শিশুকাল থেকেই তারা নারীকে তার প্রাপ্য সম্মান দিতে শেখে।”
তিনি আরও বলেন, “নারীরা আমার হৃদয়ের খুবই কাছের; সেটা আমার মা-ই হোক বা আমার কন্যা। তারা সবাই ঈশ্বরের অনন্য সৃষ্টি। নারীরা না থাকলে আমাদের জন্ম হতো না। আমি মনে করি, সময় এসেছে পৃথিবীতে সবাই যাতে নারীকে আরও সম্মান দেয়, সেই পরিবেশ নিশ্চিত করা।”
৩১ ডিসেম্বরের রাতে বেঙ্গলুরুর এমজি সড়কে হাজার হাজার মানুষের মধ্যে একদল পুরুষ ভিড়ের সুযোগ নিয়ে নারীদের শ্লিলতাহানি ঘটায়। এসময় নারীদের সাহায্যের জন্য চিৎকার করতে দেখা যায়। শ্লীতাহানির ঘটনাগুলি ৪৫ টি সিসি ক্যামেরায় ধরা পড়ে যার বেশকিছু ভিডিও অনলাইনে ভাইরাল হয়ে যায়।
এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন আমির খান, হৃতিক রোশন, জন আব্রাহামদের মতো তারকারা।
