২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যু ওমকে মুক্তি দিয়েছে: নাসিরউদ্দিন শাহ

পর্দায় দুজনকে একসাথে দেখা গিয়েছে অনেকবার। দুজনের মাঝে বন্ধুত্বটাও বেশ পুরনো। সবাইকে কাঁদিয়ে চলে যাওয়া ভারতের শক্তিমান অভিনেতা ওম পুরির কথা স্মরণ করতে গিয়ে আরেক গুণী অভিনেতা নাসিরউদ্দিন শাহ্‌ বলেছেন, জীবনের শেষভাগটা খুব একটা ভালো কাটেনি ওম পুরির।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2017, 09:00 PM

Updated : 11 Apr 2022, 10:46 PM

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, দীর্ঘদিনের বন্ধুকে হারিয়ে শোকাহত নাসিরউদ্দিন, “আমরা একজন শক্তিশালী ও গুণী অভিনেতাকে হারিয়েছি। তার অনেকদিন ধরেই নানান ব্যক্তিগত সমস্যা ছিল। এটা কয়েক বছর ধরেই চলছিল। কোনো কুল কিনারা পাচ্ছিলেন না তিনি। কিছু ভুল সিনেমাও অর্থনৈতিক কারণে তাকে বাছাই করতে হয়েছিল। মৃত্যু তাকে সবকিছু থেকে মুক্তি দিয়েছে।”

নাসিরউদ্দিন জানান, ভালোবাসার খাতিরে অনেক চরিত্রই করেছেন ওম পুরি, “আমরা দুজন একে অন্যের সিনেমায় ছোট ছোট রোল করতাম। একবার সাই পারানজপাই স্পর্শ-র একটা দৃশ্য করছিলেন তিনি। আমি তাকে জিজ্ঞাসা করতে লজ্জা পাচ্ছিলাম, কারণ চরিত্রটা খুবই ছোট ছিল। শেষ পর্যন্ত তাকে জিজ্ঞাসা করলাম, সে উত্তর দিল, “আরে বন্ধু। এটা আমি শুধু তোমার জন্য করছি না। সিনেমাটা ভালো লেগেছে তাই করছি।” ভালো সিনেমার জন্য সবমসয়ই তার হৃদয়ে আলাদা একটা জায়গা ছিল।”

পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের স্কুল অব ড্রামায় পড়ার দিনগুলো থেকেই একে অপরের প্রাণের বন্ধু নাসিরউদ্দিন শাহ এবং ওম পুরি। একসঙ্গে অভিনয় করেছেন ‘আক্রোশ’, ‘যানে ভি দো ইয়ারো’, ‘মির্চ মশলা’র মতো বহু বিখ্যাত সিনেমায়।