স্ত্রীর পক্ষ নিলেন শহীদ কাপুর
বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি হিসেবে পরিচিত শহীদ কাপুর ও মীরা রাজপুত দম্পতি। সম্প্রতি টিভি অনুষ্ঠান ‘কফি উইথ করন’-এ শহীদের কিছু মন্তব্যের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্থার শিকার হতে হয়েছে মিরা রাজপুতকে। তবে স্ত্রীর পক্ষ নিয়ে পাল্টা জবাব দিতে ছাড়েননি শহীদও!
শহীদ-মীরা দম্পতিতে পারিবারিক বিয়ের অন্যতম সফল উদাহরণ হিসেবেই অবহিত করা হয়। মীরার চেয়ে বয়সে ১৩ বছরের বড় শহীদের সঙ্গে দিব্যি মানিয়ে গেছেন তিনি। এ সময়ের অন্যান্য জুটিদের চেয়ে যা বেশ আলাদা।
সম্প্রতি ‘কফি উইথ করন’ অনুষ্ঠানে এসে তাদের বিয়ে ও সংসার নিয়ে বেশ খোলামেলা আলাপ করেছেন এ জুটি। এ সময় অ্যারেঞ্জড ম্যারেজের পক্ষে বেশ কিছু যুক্তি তুলে ধরেন তিনি। এ অুনষ্ঠান প্রচারের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ হেনস্থার মুখে পড়েছেন শহীদ। অনেকেই তাকে পুরনো ধ্যান-ধারনার মানুষ বলে অভিহিত করেছেন। আক্রমণ থেকে বাদ দেয়া হয়নি মীরাকেও। তাকে ‘লক্ষ্যহীণ গড়পড়তা গৃহবধূ’ বলেও মন্তব্য করেছেন অনেকেই।
এ প্রসঙ্গে মিড ডি’কে শহীদ বলেন, “একজন বলিউড তারকার জন্য অ্যারেঞ্জড ম্যারেজ করাটা একটু ভিন্ন বিষয়। কারণ তারকারা সাধারণত প্রেম করেই বিয়ে করে থাকেন। সচারচর তারা অ্যারেঞ্জড ম্যারেজ করে না।”
তিনি আরও বলেন, “আমি একজন অভিনেতা। আমি জানি আমার ব্যক্তিগত জীবন নিয়ে সবাই নানান কথা বলবে। আমি তাদের আটকাতে পারবো না। তবে তাদের বোঝা উচিত তাদের সীমা কতটুকু। তাদের মুখ আমি আটকে রাখতে পারবো না কিন্তু আমি বলবো এ ধরণের আচরণ মোটেও প্রত্যাশিত নয়।”
মীরাকে নিয়ে করা কটূক্তির জবাবে শহীদ বলেছেন, “মীরার জীবনের সিদ্ধান্ত একান্তই তার নিজের। সে যা ভাল মনে করে সেটাই করে। আর সেটাই একজন মানুষের করা উচিৎ বলে আমি মনে করি।”
সামনেই মুক্তি পাবে শহীনের নতুন সিনেমা ‘রেঙ্গুন’। এ মুহূর্তে হাতে রয়েছে সঞ্জল লীলা বনসালীর ‘পদ্মাবতী’ সিনেমাটি।
