২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তৌসিফ-পিয়া বিপাশার ‘বাইসাইকেল প্রেম’

তারুণ্যের প্রেমের গল্পে নির্মিত হয়েছে নাটক ‘বাইসাইকেল প্রেম’। আবদুল্লাহ মাহফুজ অভির রচনায় বিশ্বজিত দত্ত ও প্রীতিত্ত-এর পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন তৌসিফ, পিয়া বিপাশা, প্রভাসহ এক ঝাঁক তরুণ তারকা অভিনয়শিল্পী।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2017, 05:50 PM

Updated : 11 Apr 2022, 10:45 PM

নির্মাতা সূত্রে জানা যায়, ডাবর আমলা নিবেদিত মানডে নাইট সুপার ড্রামা হিসেবে নাটকটি প্রচারিত হবে আর টিভিতে। ৯ জানুয়ারি, সোমবার রাত ৮টা ১০ মিনিটে প্রচারিত হবে নাটকটি।

নাটকে একজন সাইক্লিস্টের চরিত্রে দেখা যাবে তৌসিফকে। তার প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন পিয়া বিপাশা। সাইক্লিস্ট টিমের দলনেতা তৌসিফের সঙ্গে পাশের এলাকার সাইক্লিস্ট গ্রুপের রেষারেষির ভেতর হঠাৎ দেখা মেলে পিয়া বিপাশার। সাইকেল নিয়ে তার পিছু নিতে গিয়ে তৌসিফকে যেতে হয় প্রতিপক্ষের এলাকায়। প্রতিপক্ষের তাড়া খেয়েও পিয়া বিপাশার প্রেম ছাড়েনা তৌসিফকে। মরিয়া হয়ে ওঠেন তৌসিফ। ঘটতে থাকে নানা ঘটনা। 

এ নাটকে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। 

নাটকটির পরিচালক বিশ্বজিত দত্ত বলেন- “গতানুগতিক প্রেমের গল্প থেকে বের হয়ে ভিন্ন আঙ্গিকে কিছু করার চেষ্টা করেছি এই নাটকে। আশা করছি দর্শকদের ভালো লাগবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।”

নাটকে তৌসিফ-পিয়া বিপাশা ছাড়াও দেখা যাবে- তামিম মৃধা, সামিহা খান, জাকি ও মাহাবুবকে। নাটকটি প্রযোজনা করেছে টম ক্রিয়েশনস।