‘পদ্মাবতী’ দুর্ঘটনায় নিহতের পরিবারকে ২১ লাখ রুপি দিলেন নির্মাতা
কিছুদিন আগেই নির্মাতা সঞ্জয় লীলা বনশালীর নতুন নির্মাণাধীন সিনেমা ‘পদ্মাবতী’র সেটে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় মুকেশ ডাকিয়া নামের এক সেট-শিল্পীর। নির্মাতার পক্ষ থেকে তখন জানানো হয়েছিল, নিহতের পরিবারের পাশে দাঁড়াতে সবরকম পদক্ষেপ নেওয়া হবে। কথা রেখেছেন সঞ্জয়। মুকেশের পরিবারকে ২১ লাখ রুপি ক্ষতিপূরণ হিসেবে দিয়েছেন তিনি।
শুধু তাই নয়, মুকেশের চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকেও বনশালী প্রোডাকশন্সে পরবর্তীতে চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়াও তাদের ১১ আর নয় বছর বয়সের দুই সন্তানের ভবিষ্যত সুরক্ষার জন্য ৫ লাখ রুপির একটি ফিক্সড ডিপোজিট হিসাবও খোলা হয়েছে।
মুম্বাইয়ের ফিল্ম ওয়ার্কার্স ইউনিয়নের সভপতি গঙ্গেশ্বর শ্রীবাস্তব বলেছেন, তাদের পক্ষ থেকেও পরিবারটিকে সাহায্য করার পদক্ষেপ নেওয়া হয়েছে। ইউনিয়নের সকল সদস্য তাদের একদিনের পারিশ্রমিক মুকেশের পরিবারকে দান করার সিদ্ধান্ত নিয়েছে। সেই হিসেবে ইউনিয়নের তরফ থেকেও প্রায় ২ লাখ ২০ হাজার রুপি পাবে পরিবারটি।
সেইসঙ্গে সিনেমাশিল্পে খেটে খাওয়া শ্রমিকদের জান-মালের সুরক্ষার দায়িত্ব যাতে আরও ভালোভাবে পালন করা হয়, সেই দাবি তোলা হয়েছে ইউনিয়নের পক্ষ থেকে। শুটিং সেটে শ্রমিকদের জন্য হেলমেটের ব্যবস্থা, সার্বক্ষণিক চিকিৎসা সেবা এবং জরুরী অবস্খায় অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখার দাবি জানানো হয় তাদের পক্ষ থেকে।
