অন্তর্জালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হেল্প’
ইউটিউবে প্রকাশ পেল বিপ্লব ইউসুফের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হেল্প’।
জীবনের ক্রান্তিলগ্নে এসেও সামাজিক অবস্থানের কারণে পারিপার্শ্বিকতার সাহায্য না পাওয়া একজনের জীবনে এমন কেউ আসে, যে তার সবটুকু নিয়ে তার পাশে এসে দাঁড়ায়- এমন একটি ঘটনাকে উপজীব্য করে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হেল্প’।
স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্র প্রসঙ্গে গ্লিটজকে বিপ্লব বলেন, “আমরা সবসময়ই আমাদের চারপাশের অসহায় মানুষকে সাহায্য করতে চাই। কিন্তু বর্তমানে আমাদের সামাজিক অবস্থা এমনই যে সত্যিকার বিপদগ্রস্ত মানুষকেও আমরা অনেক সময় সাহায্য করতে চাইনা। কারন সমাজে অসৎ লোকের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। ফলে এসব অসৎ লোকের ভীড়ে সত্যিকার অর্থে যারা বিপদগ্রস্ত তাদেরকে আমরা সাহায্য করা থেকে বিরত থাকি। মূলত সেই বিষয়টাই আমার এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে ফুটে উঠেছে।”
নির্মাতা ইমরাউল রাফাতের পরিকল্পনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হেল্প’য়ের নির্মানের পাশাপাশি চিত্রনাট্যর কাজটিও করেছেন বিপ্লব ইউসুফ।
সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হেল্প’ নির্মিত হয়েছে বলেও গ্লিটজকে জানালেন তিনি।
বলেন, “আমার এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির গল্প সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে। যেখান এই ঘটনাটি ঘটেছে আমি সেখানেই দৃশ্যধারন করেছি। শুধু তাই নয়, গল্পের কেন্দ্রিয় চরিত্রের মানুষটি তার বাস্তব জীবনে যে প্ল্যাকার্ড ব্যবহার করেছিলেন আমি সেটাও দৃশ্যধারনের সময় ব্যবহার করেছি। তবে গল্পের প্রয়োজনে আমি শেষ দৃশ্য একটু পরিবর্তন করেছি।”
৬ মিনিট ৪০ সেকেন্ডের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শোয়েব মনির, সৈকত সিদ্দিক, জান্নাত, সুজন প্রমুখ।
