নতুন বছরের শুরুতেই ন্যান্সির দুই একক
নতুন বছর শুরুতেই নতুন দুই অ্যালবাম নিয়ে আসছেন ন্যান্সি। অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার ব্যানারে চলতি সপ্তাহেই মুক্তি পাবে অ্যালবাম ‘যতনে’। এরপর ভালোবাসা দিবসে মুক্তি পাবে তার আরেকটি অ্যালবাম ‘বোবা হৃদয়’।
অডিও বাজারে নানা সময় মন্দা এলেও ন্যান্সির ক্যারিয়ারে তার প্রভাব খুব কমই পড়েছে। ক্যারিয়ারে নানা বাঁক পেরিয়ে তিনি এখন ঝুঁকেছেন তরুণ গীতিকার ও সুরকারদের দিকে। আসন্ন নতুন অ্যালবামেও সে পথেই হেঁটেছেন তিনি।
রবিউল ইসলাম জীবনের কথায় মিলনের সুরে ন্যান্সি প্রকাশ করতে যাচ্ছেন তিন গানের ইপি ‘যতনে’। ‘মুঠোয় ভরা স্বপ্ন’, ‘বিশ্বাস’ এবং ‘যতনে’-শিরোনামের গানগুলোর সংগীতায়োজন করেছেন এমএমপি রনি।
তিনটি গানের মধ্যে ‘বিশ্বাস’ শিরোনামের গানটিতে ন্যান্সির সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন হালের আরেক তরুণ কণ্ঠশিল্পী ইমরান। গানগুলোর সংগীতায়োজন করেছেন এমএমপি রনি।
অ্যালবাম প্রসঙ্গে ন্যান্সি বললেন, “তরুণ সুরকারদের মধ্যে মিলন ভালো করছে। এই গানগুলো সে দারুণ বানিয়েছে। গানগুলোর কথা এবং সংগীতায়োজনও আমার খুব মনে ধরেছে। আশাকরি শ্রোতারাও পছন্দ করবেন।”
চলতি সপ্তাহ থেকে জিপি মিউজিক এবং রবি ইয়ন্ডার মিউজিকে গানগুলা শোনা যাবে। পাওয়া যাবে সংগীতার নিজস্ব ইউটিউব চ্যানেলেও।
অন্যদিকে ভালোবাসা দিবসে তরুণ গীতিকার স্নেহাশীষ ঘোষের কথায় আসছে ন্যান্সির আরও একটি একক। ‘বোবা হৃদয়’ নামের এ অ্যালবামটিতেও থাকছে তিনটি গান। অ্যালবামটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন রেদওয়ান শেখ। অ্যাড বক্স থেকে প্রকাশিতব্য এ অ্যালবামটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তিনি।
দুই একক ছাড়াও ন্যান্সির বর্তমান ব্যস্ততা স্টেজ পারফর্ম নিয়ে। প্লে-ব্যাকের পাশাপাশি গাইছেন বেশকিছু মিশ্র অ্যালবামেও। তপন চৌধুরীর মুক্তিপ্রতিক্ষীত নতুন একক অ্যালবামেও দ্বৈত গানে শোনা যাবে ন্যান্সির কণ্ঠ।
