২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বক্সঅফিসে জমেনি ‘মুখোশ মানুষ’

২০১৬ সালে সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ঢাকাই সিনেমাটি ছিল ইয়াসির আরাফাত জুয়েলের ‘মুখোশ মানুষ’। ৩০ ডিসেম্বর সারাদেশের ২৩টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পায়। ভিন্নধর্মী গল্পের সিনেমা হলেও আশানুরূপ ব্যাবসায়িক সাফল্য ‘মুখোশ মানুষ’ পায়নি বলেই উঠে এসেছে গ্লিটজ-এর অনুসন্ধানে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2017, 06:40 PM

Updated : 11 Oct 2022, 01:16 PM

রুচিশীল দর্শকদের সিনেমা হলেও আশানুরূপ ব্যবসা করেনি ‘মুখোশ মানুষ’, এমনটাই বলেন রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, “সিনেমার গল্পের কনসেপ্ট খুবই ভালো। কিন্তু প্রত্যাশা অনুযায়ী ব্যবসা ভালো হয়নি। যদিও প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে দর্শক ভালোই এসেছে কিন্তু আমরা গল্প নির্ভর এই সিনেমাটির ক্ষেত্রে আরও বেশি দর্শক প্রত্যাশা করেছিলাম।”

ওদিকে পরিকল্পনামাফিক প্রচার না হওয়ার কারণে প্রেক্ষাগৃহে সিনেমাটি দর্শক টানতে পারেনি বলে অভিমত দিলেন রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমার ব্যবস্থাপক মাসুদ পারভেজ।

গ্লিটজকে তিনি বলেন, “ব্যবসা গড়পড়তা হয়েছে। সিনেমার গল্পে নতুনত্ব রয়েছে। এটা রুচিশীল দর্শকের সিনেমা। ‘আয়নাবাজি’ সিনেমার ক্ষেত্রে যেমন একটি শক্ত মার্কেটিং টিম কাজ করেছিলো, যদি ‘মুখোশ মানুষ’ সিনেমার ক্ষেত্রেও এমনটা হতো, তাহলে এটি আরও ভালো ব্যবসা করতো।”

একইভাবে ব্যবসা গড়পড়তা হওয়ার কথা বললেন টঙ্গীর প্রেক্ষাগৃহ চম্পাকলির ব্যবস্থাপক আবুল কালাম।

Image
‘মুখোশ মানুষ’ সিনেমার একটি দৃশ্যে নওশিন ও কল্যাণ কোরাইয়া

‘মুখোশ মানুষ’ সিনেমার একটি দৃশ্যে নওশিন ও কল্যাণ কোরাইয়া

Image
‘মুখোশ মানুষ’ সিনেমার একটি দৃশ্যে নওশিন

‘মুখোশ মানুষ’ সিনেমার একটি দৃশ্যে নওশিন

তিনি বলেন, “এই সিনেমার টিকেট বিক্রির আয় গড়পরতা হয়েছে বলা যেতে পারে। এই ধরণের সিনেমাগুলোর যেমন প্রচারনা প্রয়োজন সেরকম কিছু হয়নি। যদি ভালোমত প্রচার করা হত তাহলে আরো বেশি দর্শক টানা সম্ভব হত। তবে সাধারনত আমাদের প্রেক্ষাগৃহে যে ধরনের দর্শকরা নিয়মিত সিনেমা দেখতে আসেন তাদের অনেকের কাছে, বিশেষ করে তরুণদের কাছে সিনেমাটি শুধুমাত্র ব্যতিক্রমধর্মী গল্পের কারণে কিছুটা গ্রহনযোগ্যতা পেয়েছে।”

সিনেমার গল্পের সুনাম করলেও প্রেক্ষাগৃহে সিনেমা থেকে আয়ের অঙ্ক প্রত্যাশা অনুযায়ী না হওয়ার কথাই শোনালেন রাজধানীর রাজমণি প্রেক্ষাগৃহের ব্যবস্থাপক ওয়াহিদ।

তিনি বলেন, “সাইবার অপরাধ নিয়ে নির্মিত সিনেমার গল্পটা এই সময়ের গল্প। কিন্তু সিনেমাটি প্রেক্ষাগৃহে আশানুরূপ দর্শক টানতে পারলো না। তবে প্রেক্ষাগৃহে যারাই সিনেমাটি দেখতে এসেছেন তাদের অনেকেই শুধুমাত্র সিনেমার অভিনয়শিল্পীদের ভক্ত বলেই এসেছেন। যদিও অনেক তরুণ  দর্শক সিনেমাটি দেখতে এসেছেন কিন্তু তারপরেও লাভের অঙ্কটা ভালো হলো না।”

‘স্টপ সাইবার ক্রাইম’ শ্লোগান নিয়ে নির্মিত সিনেমাটির ইংরেজি ট্যাগলাইন ‘দ্য ফেইক’। সাইবার অপরাধীর কবলে পড়ে এক নারীর সাজানো সংসার কীভাবে ধ্বংস হয়ে যায়- এরকম একটি গল্প নিয়েই তৈরি হয়েছে থ্রিলার ধাঁচের ‘মুখোশ মানুষ’।

দেশে প্রথমবারের মত সাইবার ক্রাইম নিয়ে নির্মিত সিনেমায় প্রধান তিন কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন আদনান ফারুক হিল্লোল, নওশীন নাহরীন ও কল্যাণ কোরাইয়া।

ডিজি মোশন পিকর্চাস প্রযোজিত সিনেমাটি নির্মানের পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। সিনেমার কাহিনি ও সংলাপ লিখেছেন আহাদুর রহমান। সিনেমায় অন্যান্যদের মধ্যে অভিনয় করেছেন বড়দা মিঠু, লামিয়া মিমো, প্রসুন আজাদ ও রাইজা রশিদ।

এতে আবহসংগীত করেছেন প্রত্যয় খান। সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ ও আহমেদ হুমায়ূন। আর গান গেয়েছেন সুকন্যা মজুমদার, আঁচল ও আরিফ।