২০১৭: আশা জাগানিয়া সিনেমানামা
নতুন বছরে নতুন আশা, নতুন সম্ভাবনা এমনটাই প্রত্যাশা সকলের। দেশীয় ও যৌথ প্রযোজনায় নির্মিত বাণিজ্যিক সিনেমা ও গল্প নির্ভর বেশ কিছু সিনেমাকে ঘিরে নতুন করে স্বপ্নের জাল বুনছেন ঢালিউডের চলচ্চিত্রপ্রেমী ও ব্যবসায়ীরা। এমনই আশা জাগানিয়া সিনেমার গুলোর কথা তুলে এনেছে গ্লিটজ।
ঢাকা অ্যাটাক
দৃশ্যধারনের শুরু থেকে গনমাধ্যমের স্পটলাইটে রয়েছে নির্মাতা দীপঙ্কর দীপনের সিনেমা ‘ঢাকা অ্যাটাক’। বাংলাদেশ পুলিশের অপরাধ দমনের ঘটনাকে উপজীব্য করে নির্মিত হয়েছে সিনেমাটি। যেখানে জুটি বেঁধে অভিনয় করেছেন মাহিয়া মাহি ও আরেফিন শুভ। অন্তর্জালে টিজার মুক্তির পর থেকে সিনেমাটিকে ঘিরে ঢালিউডের সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে নিজের অবস্থান করে নিয়েছে সিনেমাটি’।
সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের প্রথম তিনমাসের মধ্যে একটি উপযুক্ত সময়ে বিগ বাজেটের এই সিনেমাটির প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সিনেমায় অন্যান্যদের মধ্যে আরো অভিনয় করছেন এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, হাসান ইমাম, আফজাল হোসেন প্রমুখ।
ডুব
নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীর সিনেমা মানেই নতুন কোন আলোচনার জন্ম নেয়া। ২০১৬ সালের মাঝামাঝি দুটি ভাষায় নির্মিতব্য সিনেমা যার বাংলা নাম ‘ডুব’ এবং ইংরেজি নাম নো বেড অব রোজেস’ নির্মাণের ঘোষণার পর থেকে সিনেমার অভিনয় শিল্পী নির্বাচন থেকে শুরু করে সিনেমার গল্পকে ঘিরে প্রতিটি মুহূর্তে স্পটলাইটে ছিলো সিনেমাটি। সবকিছু ঠিকঠাক মত চললে চলতি বছরেই মুক্তি পাচ্ছে সিনেমাটি। তাই চলতি বছরের অন্যতম আশা জাগানিয়া সিনেমার তালিকায় ইতমধ্যে নিজের বেশ শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে সিনেমাটি।
‘ডুব’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মত বলিউডের অভিনেতা ইরফান খানকে বাংলাদেশের প্রেক্ষাগৃহের পর্দায় দেখা যাবে। সিনেমায় ইরফান খানের সঙ্গে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, পার্ণো মিত্র, রোকেয়া প্রাচী সহ আরো অনেকে।
অন্যদিকে গেল বছর সিনেমার গল্প সংক্রান্ত জটিলতায় মুরাদ পারভেজের ‘বৃহন্নলা’ সিনেমার ভাগ্য লেগেছিলো শনির দশা। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবনী অবলম্বনে নির্মিত হয়েছে ‘ডুব’ সিনেমাটি এমন খবর ইতমধ্যে সিনেপাড়ায় চাউর হয়েছে। এখন দেখার অপেক্ষা সিনেমাটি মুক্তির পরে আশা জাগানিয়া ‘ডুব’ সিনেমাটি ‘বৃহন্নলা’র মত আবারো একই ঘটনার জন্ম দেয় কিনা।
ভয়ঙ্কর সুন্দর
অনিমেষ আইচের সিনেমা ‘ভয়ঙ্কর সুন্দর’ সিনেমাটি দৃশ্যধারনের কাজ শুরুর আগে থেকেই সকল মহলে বেশ আলোচিত ছিলো। আশার কথা হলো চলতি বছরেই মুক্তি পাচ্ছে আশা জাগানিয়া এই সিনেমাটি। গেল বছরের শেষের দিকে অন্তর্জালে অনেকটা থ্রিলারধর্মী ও গল্প নির্ভর সিনেমাটির টিজার মুক্তির পরেই সিনেমাকে ঘিরে ঢালিউডের দর্শকদের প্রত্যাশার পারদ বেশ চড়ে বসেছে। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় এবং ছোটপর্দার মডেল ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।
অন্যদিকে ক্যারিয়্যারের শুরু থেকে গল্প নির্ভর সিনেমা ও নির্মান শৈলির কারনে সকল শ্রেণির দর্শকদের কাছে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করেছেন ‘জিরো ডিগ্রী’খ্যাত নির্মাতা অনিমেষ আইচ। এখন শুধু অপেক্ষার পালা ‘ভয়ংকর সুন্দর’ সিনেমাটি বক্সঅফিসে কতটুকু বাজিমাত করবে।
অপারেশন অগ্নিপথ
২০১৬ সালের শেষের দিকেই সিনেমার ফার্স্টলুক প্রকাশের মাধ্যমে শাকিব ভক্তদের হৃদয়ে ঝড় তুলেছে আশিকুর রহমানের ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমাটি। সর্ম্পূণ থ্রিলারধর্মী সিনেমাটি ঢালিউডের দর্শকরা আবারো চিরচেনা শাকিব খানকে ‘বাদশা’ সিনেমার পরে নতুন লুকে দেখতে যাচ্ছেন । সিনেমার ফার্স্টলুকেই সেই আভাস এরই মধ্যে সবাই পেয়েছেন। অস্ট্রেলিয়ার বিভিন্ন মনোরম লোকেশনে সিনেমার সিংহভাগ দৃশ্যধারন করা হয়েছে। সিনেমায় কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। এছাড়াও সিনেমায় আরো অভিনয় করছেন শিবা আলী খান, মিশা, টাইগার রবি প্রমুখ। সবকিছু ঠিকঠাক মত চললে এই বছরেই মুক্তি পাচ্ছে সিনেমাটি।
হালদা
২০১৬ সালে ঢালিউডের বক্সঅফিসে গল্প নির্ভর সিনেমা হিসেবে বাজিমাত করে ইতিহাস সৃষ্টি করেছিলো অমিতাভ রেজার সিনেমা ‘আয়নাবাজি’। এরপর থেকেই ঢালিউডের গল্প নির্ভর সিনেমাগুলোর ভবিষৎ নিয়ে রুচিশীল সিনেমাপ্রেমীদের হৃদয়ে নতুন আশা জেগেছে। একই বছর বক্সঅফিসে ব্যবসার অংকটা তেমন ভালো না হলেও তৌকির আহমেদের ‘অর্ন্তযাত্রা’ সিনেমাটি বিশ্ব জয় করে।
ফলে একই নির্মাতার নতুন সিনেমা ‘হালদা’কে ঘিরে আবারো নতুন করে প্রত্যাশায় বুক বেধেছে ঢালিউডের রুচিশীল দর্শকরা। চট্টগ্রামের বিখ্যাত হালদা নদীকে উপজীব্য করে নির্মিত সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, মোশাররফ করিম, তিশা, ফজলুর রহমান বাবু সহ আরো অনেকে।
নবাব
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে সিনেমা ‘নবাব’। সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন টালিগঞ্জের অভিনেত্রী শুভশ্রী। সিনেমাটি যৌথ ভাবে পরিচালনা করছেন আব্দুল আজিজ ও জয়দেব মুখার্জি। দৃশ্যধানের শুরু থেকেই বেশ আলোচনার জন্ম দিয়েছে সিনেমাটি। কারন ২০১৬ সালে যৌথ প্রযোজনার ‘শিকারী’ সিনেমায় টালিগঞ্জের শ্রাবন্তীর সঙ্গে জুটিবেধে অভিনয় করা ছাড়াও সিনেমায় নিজের নতুন লুকের কারনে বেশ প্রশংসিত ও আলোচিত হয়েছিলেন শাকিব খান। এবার ‘নবাব’ সিনেমার মাধ্যমে নতুন কোন লুকে শাকিব খান তার ভক্তদের সামনে উপস্থিত হতে যাচ্ছে এখন শুধু সেই অপেক্ষার পালা । সবকিছু ঠিকঠাক মত চললে চলতি বছরে মুক্তি পাবে সিনেমাটি।
সত্তা
নির্মাতা হাসিবুর রেজা কল্লোলের ‘সত্তা’ সিনেমাটির দৃশ্যধারনের শুরু থেকেই সবসময় বিভিন্ন কারনে আলোচনায় ছিলেন। সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন ভারতের অভিনেত্রী পাওলি দাম। ফলে গল্প নির্ভর সিনেমায় প্রথমবারের মত শাকিব খানকে নতুন কোন অবতারে দেখবে মিলবে সেই সমীকরন মেলাতে প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ঢালিউডের শাকিব ভক্ত ও শাকিবের সমালোচনায় মুখর সিনেমাপ্রেমীরা।
গোলাপতলীর কাজল
‘পোড়ামন’ সিনেমার পরে আবারো ‘গোলাপতলীর কাজল’ সিনেমার মাধ্যমে জুটি বেঁধে অভিনয় করেছেন মাহিয়া মাহি ও সাইমন সাদিক। ফলে ঢাকাই সিনেমায় আবারো এই সিনেমার মাধ্যমে আলোচনায় উঠে আসে এই জুটির নাম। শুধু তাই নয় এই সিনেমাকে ঘিরে ঢাকাই সিনেমার নতুন একটি জুটি তৈরি হওয়ার সম্ভাবনাও দেখছেন মাহি-সাইমন ভক্তরা। চলতি বছরের এই আশা জাগানিয়া সিনেমাটি নির্মাণ করেছেন শামীমুল ইসলাম শামীম। এছাড়াও এই সিনেমা অভিনয় করছেন ঢালিউডের অভিনেতা আসিফ নূর।
