২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জুয়েলের সুরে মম’র ‘বাকির ফসল’

ছোটবেলা থেকেই গান শিখছেন। ওস্তাদ আবু সায়ীদ বিশ্বাসের কাছে এখনো চলছে তালিম। বেশকিছু মিক্সড অ্যালবামে দ্বৈত আর একক গান আছে তার ঝুলিতে। কিন্তু বছর শেষে যেন তাকে নতুন করে সামনে নিয়ে এলো নতুন গান ‘বাকির ফসল’।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2017, 09:02 PM

Updated : 19 Aug 2022, 03:22 PM

সিএমভির ব্যানার থেকে প্রকাশিত নবীন কণ্ঠশিল্পী মম’র বাকির ফসল গানটি তিনদিনেই প্রায় দু’লাখ দর্শক-শ্রোতা উপভোগ করেছেন। শাহান কবন্ধের কথায় জুয়েল মোর্শেদের সুর-সংগীতে তৈরি এ গানটি নতুন বছরে তাদের চমক হিসেবেই দেখছে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি।

গানটি প্রসঙ্গে জুয়েল বলছেন- ‘বছরের শেষদিন একটি ভিডিও প্রকাশ করে মাত্র তিন দিনের মাথায় সেখান থেকে এমন সাড়া পাবো- এমনটা কল্পনাও করিনি আমরা। এটা শ্রোতা-দর্শকদের পক্ষ থেকে নতুন বছরের সারপ্রাইজ গিফটের মতো মনে হচ্ছে। ধন্যবাদ মম এবং সিএমভি’কে, দু’পক্ষই আমার ওপর বিশ্বাস রেখেছেন। আশা করি বছরের সেরা হিট গানের একটি হবে এটি।’

মম বলেন, আমি নিয়মিত স্টেজ পারফর্ম করি, এর আগে ফেরদৌস ওয়াহিদ, প্রত্যয় খান সহ অনেকের সঙ্গে গান করেছি। বেশকিছু মিক্সড অ্যালবামে আমার একক ও দ্বৈত গানও প্রকাশ পেয়েছে। তবে এ গানটির মাধ্যমে নতুন করে নিজেকে সবার সামনে উপস্থাপনের সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করছি। বছরের শুরুটা এমন অসাধারণ হবে, সেটি আসলেই ভাবিনি। গানটি শ্রোতা-দর্শকরা পছন্দ করছেন বলেই আমাদের শ্রম সার্থক হলো।’  

 

শাহান কবন্ধের কথায় এই গানটিতে মডেল হিসেবেও উপস্থিত হয়েছেন মম। তিনি ছাড়াও র‌্যাপ অংশে কণ্ঠ দিয়েছেন রাফসান। গল্পনির্ভর গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রনজিৎ রায়। গানটিতে মম ছাড়াও র‌্যাপার রাফসানসহ আরও তিনটি মজার চরিত্রে অভিনয় করেছেন শাহান গাজী, মানব এবং মিজান।