২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পকলা একাডেমী ও জাহাঙ্গীরনগরে ‘ইঙাল আঁধার পালা’

মনিপুরি থিয়েটারের অন্যতম প্রযোজনা ‘ইঙাল আঁধার পালা’ নিয়ে মঞ্চে নিজেদের নতুন বছর শুরু করতে যাচ্ছে দলটি। নিয়মিত নাটক মঞ্চায়নের অংশ হিসেবেই আলোচিত এ নাটকটি আগামী ৫ জানুয়ারি সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে নাটকটির প্রদর্শনী হবে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2017, 08:24 PM

Updated : 11 Oct 2022, 01:16 PM

একজন মণিপুরি মৃদঙ্গ বাদকের করুণ গল্পকে উপজীব্য করে নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। মণিপুরি থিয়েটারের একমাত্র দ্বিভাষিক নাটক এটি (বাংলা ও মণিপুরি বিষ্ণুপ্রিয়া ভাষায়)।

দলসূত্রে জানা যায়, পরদিন ৬ জানুয়ারি সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্ত মঞ্চে জাহাঙ্গীরনগর থিয়েটার আয়োজিত

নাট্যপার্বণে নাটকটির আরেকটি প্রদর্শনী হবে।

দলের সভাপতি শুভাশিস সিনহা বলেন, ‘বছরের শুরুতেই ঢাকাবাসীদের জন্য মণিপুরি থিয়েটারের শিল্পের সন্দেশ। জাহাঙ্গীরনগর থিয়েটার আয়োজিত নাট্যপার্বণে আগামী ৬ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৬টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে পরিবেশিত হবে ‘ইঙাল আঁধার পালা’। তার আগের দিন ৫ জানুয়ারি সন্ধ্যায় ঢাকার দর্শকদের জন্য শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে থাকছে নাটকটির আরেকটি প্রদর্শনী।’

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- জ্যোতি সিনহা, স্মৃতি সিনহা, উজ্জল সিংহ, সুনীল সিংহ, সুশান্ত সিংহ, অরুণা সিনহা, বিধান সিংহ, শ্যামলী সিনহা, দিপু সিংহ ও সমরজিৎ সিংহ। সঙ্গীতে রয়েছেন শর্মিলা সিনহা। বাদ্যে রয়েছেন বাবুচাঁন সিংহ।