এবার দেশের বড়পর্দায় ‘মাটির প্রজার দেশে’
‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ বাংলাদেশ থেকে এ বছর প্রদর্শিত হচ্ছে ৩টি ছবি ।বিজনের ‘মাটির প্রজার দেশে’ তারই একটি।
২০১৬-তে ‘সিয়াটল আন্তর্জাতিক চলচিত্র উৎসব’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় বিজন পরিচালিত বাংলাদেশের ছবি 'মাটির প্রজার দেশে'। গত অক্টোবরে শিকাগো সাউথ এশিয়ান আন্তর্জাতিক চলচিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে লড়াই করে সেরা ছবির পুরস্কার জিতেছে ছবিটি। আমেরিকা জয়ের পর এবার বাংলাদেশে প্রিমিয়ার হতে যাচ্ছে ‘মাটির প্রজার দেশে’ ছবির।
১৩ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৭ টায় জাতীয় জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই প্রিমিয়ার। রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে ১২ জানুয়ারিতে শুরু হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৫ তম আসর। চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। ১৯৯২ সাল থেকে রেইনবো চলচ্চিত্র সংসদ ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ আয়োজন করছে। এ বছর উৎসবটির ২৫ বছর পূর্তি হতে যাচ্ছে। এবারের উৎসবে ৬৬টি দেশের চলচ্চিত্র প্রদর্শিত হবে।
বাংলাদেশ থেকে এ বছর প্রদর্শিত হচ্ছে ৩টি ছবি। ছবি ৩ টি হল তৌকীর আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’, অমিতাভ রেজা চৌধুরীর ‘আয়নাবাজি’ এবং বিজনের ‘মাটির প্রজার দেশে’। চলচ্চিত্রটির প্রথম প্রদর্শনীতে উপস্থিত থাকবেন ছবিটির পরিচালক বিজন, প্রযোজক আরিফুর রহমান ছবির অন্যান্য কলাকুশলী ও সকল অভিনেতা-অভিনেত্রী।
সিনেমাটির গল্প এগিয়েছে এক কিশোরকে নিয়ে। গ্রামের এই কিশোরের প্রবল ইচ্ছে স্কুলে পড়বার। কিন্তু বিপত্তি বাধে ভর্তি হতে গিয়ে। নিজের বাবার নাম জানা নেই তার। এজন্যই আর ভর্তি হওয়া হয় না তার কোনো স্কুলে। এমনই এক গল্পের প্রেক্ষাপট থেকে এগিয়েছে সিনেমার পটভূমি।
'মাটির প্রজার দেশে'-র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, মাহমুদুর অনিন্দ্য, শেউলী আক্তার, চিন্ময়ী গুপ্তা, মনির আহমেদ শাকিল, প্রশান্ত ত্রিপুরা, কচি খন্দকার প্রমুখ।
