কোনো অ্যাসিস্টেন্ট ছাড়াই সিনেমাটি তৈরি করেছি: তানিয়া
নতুন বছরে মুক্তি পেতে যাচ্ছে তানিয়া আহমেদ পরিচালিত চলচ্চিত্র ‘ভালোবাসা এমনই হয়’।প্রচারণার অংশ হিসেবে রোববার রাতেই মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটির টাইটেল সং।
২৭ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে তানিয়া আহমেদ পরিচালিত চলচ্চিত্র ‘ভালোবাসা এমনই হয়’। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্রটি পরিবেশনার দায়িত্ব নিয়েছে জাজ মাল্টিমিডিয়া। ছবিটির প্রচারণায় তুমুল ব্যস্ত সময় পার করছেন নন্দিত অভিনেত্রী ও নির্মাতা তানিয়া আহমেদ।
বিদ্যা সিনহা মিম, মীর সাব্বির, মিশু সাব্বির ও ইরফান সাজ্জাদ- চার জনপ্রিয় অভিনয়শিল্পী বড়পর্দায় হাজির হচ্ছেন ‘ভালোবাসা এমনই হয়’নিয়ে। তারুণ্যে ভরপুর চলচ্চিত্রটির মাধ্যমে নির্মাতা হিসেবে বড়পর্দায় অভিষেক ঘটছে তানিয়া আহমেদের। মুক্তির দিন যতই এগিয়ে আসছে তানিয়া আহমেদের টেনশনটাও বাড়ছে তাই। রোববার সন্ধ্যায় গ্লিটজের সঙ্গে আলাপকালে তানিয়া বললেন, ছবিটির প্রচারণা নিয়ে ব্যস্ততা যাচ্ছে। আশার কথা আমাদের চলচ্চিত্র ঘুরে দাঁড়াচ্ছে। দর্শক হলমুখি হচ্ছে। তাই আমাদের কাজ এখন যতোটা সম্ভব দর্শকদের কাছে চলচ্চিত্রটির মুক্তির খবর পৌঁছে দেয়া।’
প্রচারণার অংশ হিসেবে রোববার রাতেই মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটির টাইটেল সং। এসআই টুটুলের কথা ও সুরে গানটিতে টটুলের সঙ্গী হয়েছেন নওমি। সম্প্রতি গানটির একটি টিজার অন্তর্জালে মুক্তি দেয়া হয়। পুরো চলচ্চিত্রের শুটিং লন্ডনে হলেও এ গানটি চিত্রায়িত হয় দেশের বিভিন্ন স্থানে।
তার মতে, “আমার ছবিতে ছ’টা গান আছে, একটি আইটেম গান আছে। কিন্তু আমার ট্রিটমেন্টটা আমি অনেক স্মার্ট করার চেষ্টা করেছি। বাণিজ্যিক চলচ্চিত্রের ঢঙেই চলচ্চিত্রটি নির্মাণ করেছি, কঠিন কোনো গল্প বলতে চাইনি। গল্পটাতে কমেডি আছে, ফান আছে, ক্লাইমেক্স আছে।”
তিনি আরও বলেন, “কোনো সহকারী ছাড়া একাই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন তানিয়া। তাই নিজের কাছে এ নির্মাণটি ছিলো অনেক চ্যালেঞ্জের। তানিয়া বলেন, আমি কোনো ধরনের অ্যাসিস্টেন্ট ছাড়াই চলচ্চিত্রটি নির্মাণ করেছি। দেখতে চেয়েছি পারি কিনা। আমার মনে হয় আমি সফল হয়েছি। দর্শকরা যদি চলচ্চিত্রটি গ্রহণ করেন তাহলে আমি সার্থক হবো।”
জাজ মাল্টিমিডিয়ার পরিবেশনায় চলচ্চিত্রটি এখনও পর্যন্ত ৮৫টি প্রেক্ষাগৃহে মুক্তির ব্যাপারে নিশ্চয়তা পেয়েছেন তানিয়া আহমেদ।
চলচ্চিত্রটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন- রবার্ট ইয়ং, সোহেল খান, তারিক আনাম খান প্রমুখ। কাহিনি ও সংলাপ রচনা করেছেন রায়হান খান। নৃত্য পরিচালনা, চিত্রনাট্য, পরিচালনার দায়িত্ব একাই পালন করেছেন তানিয়া আহমেদ। চিত্রগ্রহণে ছিলেন রায়হান খান ও হাবিবুল মঞ্জিল। আবহ সংগীত পরিচালনা করেছেন এস আই টুটুল। এছাড়া সংগীত পরিচালনায় টুটুলের সঙ্গে ছিলেন হাবিব ওয়াহিদ এবং জে কে। গান রচনা করেছেন- এস আই টুটুল, লতিফুল ইসলাম শিবলী, জাহিদ আকবর, ফারুক হোসেন ও সুদ্বীপ। গানে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল, কনা, জে কে, মমো ও নওমি।
