অন্তর্জালে আলোচিত সেরা ১০ গান
বছরজুড়ে ঢালিউডের বক্সঅফিসে যেমন বেশ কিছু সিনেমা আলোচনার ঝড় তুলেছিলো ঠিক তেমন অর্ন্তজালেও বেশকিছু সিনেমার গান ঝড় তুলেছিলো।একইভাবে বেশকিছু আধুনিক গানও অন্তর্জালে বেশ আলোচনা ঝড় তুলেছে।এই সব গানের খবর তুলে এনেছে গ্লিটজ।
১. ‘দিল দিল দিল’
নির্মাতা শামীম আহমেদ রনির ‘বসগিরি’ সিনেমার ‘দিল দিল দিল’ গানটি অন্তর্জালে ঝড় তোলা গানগুলোর সবার শীর্ষে অবস্থান করে নিয়েছে। গানে কন্ঠ দিয়েছে ইমরান ও দিলশাদ নাহার কণা। রোমান্টিক ঘরানার গানটিতে জুটি বেঁধে নেচেছেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান ও নবাগত নায়িকা শবনম বুবলী। গীতিকার কবির বকুলের কথায় গানটির সুর করেছেন শওকত আলী ইমন। ৩১ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত গানটি অন্তর্জালে ৭৩ লাখ ৪৯ হাজার ৬৮৪ বার দেখা হয়েছে।
২. ‘পরী’
জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত ওয়াজেদ আলী সুমনের ‘রক্ত’ সিনেমার ‘পরী’গানটি অন্তর্জালে ঝড় তুলে দ্বিতীয় অবস্থানে রয়েছে। সিনেমার এই আইটেম গানটিতে নেচেছেন ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি। গানটিতে কন্ঠ দিয়েছেন ভারতের কণিকা কাপুর ও আকাশ সেন। প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় আইটেম গানটির সুর ও সংগীত করেছেন আকাশ সেন নিজেই। কিন্তু ভারতের সানি লিওনি অভিনীত ও কণিকা কাপুরের গাওয়া ‘সুপার র্গাল ফ্রম চায়না’ গানটির সঙ্গে অনেক ক্ষেত্রে মিলে যাওয়ার অভিযোগও রয়েছে গানটিকে ঘিরে। ৩১ ডিসেম্বর ৪টা পর্যন্ত গানটি অন্তর্জালে ৬৩ লাখ ৯১ হাজার ৬০২ বার দেখা হয়েছে।
৩. ‘অনেক সাধনার পরে’
নির্মাতা জাকির হোসেন রাজুর ‘নিয়তি’ সিনেমার ‘অনেক সাধনার পরে’ গানটি অন্তর্জালের তৃতীয় অবস্থানে রয়েছে। রোমান্টিক ঘরানার জনপ্রিয় এই গানটি প্রথমে গেয়েছেন কনক চাঁপা ও খালিদ হাসান মিলু। কিন্তু সিনেমার জন্য নতুনভাবে গানটি গেয়েছেন ইমরান ও ন্যানসি। আর গানটির পরিচালনা করেছেন স্যাভি।৩১ ডিসেম্বর ৪টা পর্যন্ত গানটি অন্তর্জালে ৫৯ লাখ ৪০ হাজার ৯০৪ বার দেখা হয়েছে।
৪. ‘ধ্যাততেরিকি’
চলতি বছরে ব্যবসাসফল সিনেমার মধ্যে অন্যতম সিনেমা বাবা যাদব ও আব্দুল আজিজ যৌথভাবে পরিচালনায় ‘বাদশা’। এই সিনেমার ‘ধ্যাততেরিকি’ গানটি রয়েছে চর্তুথ অবস্থানে। গানটিতে জুটিবেঁধে নেচেছেন কলকাতার জিত ও বাংলাদেশের নুসরাত ফারিয়া মাজহার।প্রিয় চট্টোপাধ্যায়ের লেখায় গানটির সংগীত করেছেন শুদ্ধ রয়। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ। ৩১ ডিসেম্বর ৪টা পর্যন্ত গানটি অন্তর্জালে ৫০ লাখ ৪৬ হাজার ৮৩৫ বার দেখা হয়েছে।
৫. ‘হারাবো তোকে’
জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত ‘শিকারী’ সিনেমাটি বক্সঅফিসে যৌথ প্রযোজনায় নির্মিত ব্যবসাসফল সিনেমার তালিকার র্শীষ অবস্থান দখল করলেও এই সিনেমাটির ‘হারাবো তোকে’ গানটির ভাগ্যে জুটেছে পঞ্চম স্থান। অন্তর্জালে গানটি প্রকাশের পরে শাকিব খানের নতুন লুকের কারনে গানটি ব্যাপক আলোচনা জন্ম দেয়। গানটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও শ্রাবন্তী। ইন্দ্রদীপ দাশ গুপ্তের লেখা ও সংগীতে গানটি গেয়েছেন ভারতের শিল্পী সান। ‘শিকারী’ সিনেমাটি পরিচালনা করেছেন যৌথভাবে জয়দেব মুখার্জী ও আব্দুল আজিজ ।৩১ ডিসেম্বর ৪টা পর্যন্ত গানটি অন্তর্জালে ৪৮ লাখ ১৭ হাজার ৩১৫ বার দেখা হয়েছে।
৬. ‘লোকাল বাস’
অন্তর্জালে সবচেয়ে ঝড় তোলা গানটি হচ্ছে মমতাজের কন্ঠে গাওয়া ‘লোকাল বাস’ গানটি। সেপ্টেম্বর মাসে গানটি গাঙচিলের ব্যানারে প্রকাশিত হয়। প্রীতম হাসানের সুর ও সংগীত আয়োজনে গানটি সকল শ্রেণির শ্রোতাদের হৃদয়ে ঝড় তুলেছিলো। গানটিতে মডেল হিসেবে ছিলেন মুমতাহিনা টয়া ও শৌমিক। ৩১ ডিসেম্বর ৪টা পর্যন্ত গানটি অন্তর্জালে ৪৭ লাখ ৮৭ হাজার ২৯৮ বার দেখা হয়েছে।
৭. ‘ঝুম’
আবারো নিজের ব্যতিক্রমধর্মী গায়কী দিয়ে সকল শ্র্রেণির শ্রোতাদের হৃদয় জয় করলেন মিনার। চলতি বছরের জুন মাসে গাঙচিলের ব্যানারে বাজারে প্রকাশিত হয় তার ঝুম অ্যালবামের ঝুম গানটি। গানটির কথা ও সুর করেছেন মিনার নিজেই। ৩১ ডিসেম্বর ৪টা পর্যন্ত গানটি অন্তর্জালে ৮১ লাখ ১২ হাজার ৬০৮ বার দেখা হয়েছে।
৮. ‘আসো মামা হে’
চলতি বছরে অন্তর্জালে ঝড় তোলা গানগুলোর মধ্যে অন্যতম গান কুদ্দুস বয়াতি ও প্রীতম হাসানের গাওয়া‘আসো মামা হে’। গাঙচিলের ব্যানারে এপ্রিল মাসে গানটি প্রকাশের পরেই নতুন অবতারে আলোচনায় চলে আসে বাউল কুদ্দুস বয়াতি। গানটি লিখেছেন সোমেশ্বর অলি। ৩১ ডিসেম্বর ৪টা পর্যন্ত গানটি অন্তর্জালে ১৯ লাখ ৮০ হাজার ৮৪৪ বার দেখা হয়েছে।
৯. ‘জানালার গ্লাস’
চলতি বছর বাজারে এসেছে বাপ্পা মজুমদারের ‘বোকাঘুড়ি’ অ্যালবামটি। যার ‘জানালার গ্লাস’ গানটি যথেষ্ট সমাদৃত হয়েছে। গানটিতে বাপ্পা মজুমদারের সঙ্গে মডেলিং করেছেন প্রসুন আজাদ। গানটির কথা লিখেছেন শাহান কবন্ধ। ডিসেম্বর ৪টা পর্যন্ত গানটি অন্তর্জালে ১২ লাখ ২৬ হাজার ৮৪ বার দেখা হয়েছে।
১০. ‘ছিপ নৌকা’
অন্যদিকে বছরের শুরুতেই জি সিরিজের ব্যানারে বাজারে প্রকাশিত হয় প্রিন্স মাহমুদের মিক্সড অ্যালবাম‘খেয়াল পোকা’। এই অ্যালবামের ‘ছিপ নৌকা’ গানটি বেশ প্রশংসিত হয়েছে। রোমান্টিক ঘরানার এই গানটিতে কন্ঠ দিয়েছেন তাহসান ও কণা। গানটিতে মডেলিং করেছেন আশফাক রানা ও সায়রা রেজা। ৩১ ডিসেম্বর ৪টা পর্যন্ত গানটি অন্তর্জালে ৫ লাখ ৭৪ হাজার ১৯৭ বার দেখা হয়েছে।
