ভিলেন চরিত্রে কাজল!
কাজলকে বলা হয় বলিউডের মিষ্টি মেয়ে! রোমান্টিক ও সামাজিক ছবির ঘরোয়া মেয়ের চরিত্রেই তাকে দেখতে অভ্যস্ত দর্শক। এবারে ঘটতে চলেছে ব্যতিক্রম। জনপ্রিয় তামিল নায়ক ধানুশ-এর বিপরীতে ভিলেন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কাজলকে!
বলিউড হাঙ্গামা জানায়, জনপ্রিয় তামিল ছবি ‘ভেলাইল্লা পাট্টাচারী’-র সিক্যুয়াল ‘ভেলাইল্লা পাট্টাচারী-টু’ বা সংক্ষেপে ‘ভিআইপি-টু’তে ভিলেন হিসেবেই পর্দায় আসছেন কাজল।
ডিসেম্বরের শুরুতেই তামিল ছবিতে অভিনয়ের খবর গণমাধ্যকে জানান কাজল। কিন্তু সে সময় সিনেমায় তার চরিত্র নিয়ে বিশেষ কিছু জানা যায়নি। এবারে জানা গেছে ধানুশের বিপরীতে একটি গুরুত্বপূর্ণ নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন তিনি।
১৯৯৭ সালে রাজিব রাই-এর ‘গুপ্ত’ সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন কাজল। এবারেও তেমন কিছুই আশা করছে কাজলভক্তরা!
