বনসালীর ছবিতে অভিনয় করছেন শাহরুখ-প্রিয়াঙ্কা?
সঞ্জয় লীলা বনসালীর সাথে প্রায় ১৪ বছর পর কাজ করতে যাচ্ছেন শাহরুখ খান। একই ছবির মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবারও বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, কিংবদন্তী কবি সাহির লুধিয়ানভি’র জীবনীভিত্তিক এ ছবিতে প্রধান চরিত্রে থাকছেন শাহরুখ আর তার বিপরীতে নারী চরিত্রের জন্য নাকি প্রিয়াঙ্কাকেই ভাবছেন বনসালী।
এ মুহূর্তে ছুটি কাটাতে মুম্বাই আবস্থান করছেন প্রিয়াঙ্কা আর বনসালীর বাড়িতে নাকি বেশ ক’বার দেখা গেছে এ সাবেক বিশ্বসুন্দরীকে! দুইয়ে দুইয়ে চার মিলিয়ে তাই অনেকেই ভাবছেন এবারে বুঝি বনসালীর ছবিতে সাইন করেই ফেললেন প্রিয়াঙ্কা।
প্রিয়াঙ্কা বলছেন, “আমি এখনো কোনো ভারতীয় সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়নি। তবে সঞ্জয় স্যারের সাথে আমার প্রতিনিয়ত কথা হচ্ছে সিনেমার বিষয়ে। এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। আমি তার অনেক বড় ভক্ত। তিনি প্রস্তাব করলে আমি না করতে পারবো না!”
এর আগে বনসালীর ‘বাজিরাও মাস্তানি’ ও ‘রাম-লীলা’র একটি গানে কাজ করেছিলেন প্রিয়াঙ্কা। শাহরুখের সঙ্গে প্রিয়াঙ্কার সর্বশেষ কাজ ছিলো প্রায় ছয় বছর আগে। সাড়াজাগানো গ্যাংস্টার ছবি ‘ডন-টু’তে একসাথে অভিনয় করেছিলেন তারা।
বলিউডে সর্বশেষ ‘জয় গঙ্গাজল’ সিনেমাতে দেখা গেছে পিগি চপসকে। এছাড়াও ‘সার্ভান’ নামের একটি পাঞ্জাবি সিনেমা প্রযোজনা করেছেন তিনি। সামনেই মুক্তি পাবে এ তারকার হলিউডের অভিষেক ছবি ‘বেওয়াচ’। ৭৪তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের উপস্থপনায়ও থাকছেন তিনি।
