২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছায়ানটে শুদ্ধসঙ্গীতে সুরের অনুরণন

রাজধানীর ছায়ানটে শুরু হয়েছে দুই দিনের শুদ্ধ সঙ্গীত উৎসব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2016, 11:10 PM

Updated : 20 Aug 2022, 02:36 PM

তরুণ প্রজন্মসহ সব বয়সীদের কাছে শাস্ত্রীয়সঙ্গীতের গুরুত্ব তুলে ধরতে ১৪১৫ বঙ্গাব্দের হেমন্তে প্রথম শুদ্ধ সঙ্গীত উৎসবের আয়োজন করে ছায়ানট। তারই ধারাবাহিকতায় এবার বসল এ উৎসবের নবম আসর।

উৎসবে কণ্ঠ ও যন্ত্রসঙ্গীতের সুর মূর্ছনায় অংশ নিচ্ছেন ঢাকা, রাজশাহী ও চট্টগ্রামের অর্ধ শতাধিক শিল্পী।

ঢাকার শিল্পীরা উৎসবের প্রথম দিন সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত ছড়িয়েছিলেন নানা সুর। রাগ-রাগিণীর সুর আর শাস্ত্রীয় ধারার যন্ত্রসঙ্গীতের সুর-মূর্ছনায় মুগ্ধ হন উপস্থিত শ্রোতারা।

দুই অধিবেশনে ভাগ করা উৎসবের প্রথম অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল। এর আগে শুদ্ধসঙ্গীত উৎসবের উদ্বোধন করেন উচ্চাঙ্গসঙ্গীদের ওস্তাদ দিনাজপুরের সাইমুদ আলী খান।

উদ্বোধন পর্ব শেষে প্রথম দিনে সম্মিলিত সঙ্গীত পরিবেশনায় অংশ নেন ছায়ানট শিল্পীরা। অসিত কুমার দে পরিচালনায় পরিবেশিত হয় রাগ ‘দেশ’।

দলীয় পরিবেশনা পর মঞ্চে আসেন ঢাকার শিল্পী মোহাম্মদ ইয়াকুব আলী খান। পরিবেশন করেন রাগ ‘মধুবল্মী’।এদিনের তৃতীয় পরিবেশনাটিও ছিল কণ্ঠসঙ্গীত। ঢাকার শিল্পী লতিফুন জুলিও পরিবেশন করেন রাগ ‘ছায়ানট’।

পর পর তিনটি কণ্ঠসঙ্গীত পরিবেশনার পর ছিল যন্ত্রসংগীত। সেতার নিয়ে মঞ্চে আসেন বিশিষ্ট সরোদিয়া রাজরূপা চৌধুরী। পৌঁনে এক ঘণ্টা নানা সুর-লহরায় মাতিয়ে রাখেন জনপ্রিয় এই সরোদ শিল্পী।

তার এই পরিবেশনা শেষে মঞ্চে আসেন সালাউদ্দিন আহমেদ, পরিবেশন করেন রাগ ‘যোগ’। সর্বশেষ পরিবেশনাটিও ছিল কণ্ঠসঙ্গীত। প্রথম দিনের শেষ শিল্পী হিসেবে রাগ ‘মধুকোষ’ পরিবেশন করেন ঢাকার শিল্পী সতীন্দ্রনাথ হালদার।

শুক্রবার উৎসবের দ্বিতীয় দিন সন্ধ্যা ৬টায় শুরু হবে দ্বিতীয় ও শেষ অধিবেশন। টানা চলবে পরদিন শনিবার ভোর ৫টা পর্যন্ত।

এই অধিবেশনে কণ্ঠসঙ্গীত পরিবেশন করবেন ঢাকার সুমন চৌধুরী, খায়রুল আনাম শাকিল, অসিত কুমার দে, প্রিয়াঙ্কা গোপ, শেখ মফ্ফল, অলোক সেন, টিংকু শীল, সঞ্জীবন স্যানাল শুভ, সুস্মিতা দেবনাথ শুচি, অভিজিৎ কুফ্ফু রাজশাহীর সলোক হোসেন ও চট্টগ্রামের লিটন দাশ। এদিন বাঁশিতে সুর তুলবেন মর্তুজা কবীর মুরাদ। সেতারে রাগ-রাগিণীর সুর তুলবেন এবাদুল হক সৈকত এবং এস্রাজ পরিবেশন করবেন ঢাকার শিল্পী অসিত বিশ্বাস।

সর্বশেষে থাকবে ছায়ানট শিল্পীদের অংশগ্রহণে বাঁশির সমবেত পরিবেশনা। সঙ্গত করবেন এ কে আজাদ প্রধান, রতন কুমার দাস, শেখর মফ্ফল, গৌতম সরকার, সুরজিৎ মুখার্জী, বিজন চন্দ্র মিস্ত্রী, ইফতেখার আলম ডলার, স্বহৃপ হোসেন, সবুজ আহমেদ, টিংকু শীল, সঞ্জীবন সান্যাল শুভ, প্রশান্ত ভৌমিক ও আল-ইকরাম রাজু।