২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সিনেমার প্রয়োজনেই গীতা-ববিতার কোচকে ভিলেন দেখানো হয়েছে’

তিন দিনেই ১০০ কোটির ক্লাবে যুক্ত হয়েছে আমির খানের ‘দঙ্গল’ সিনেমাটি। দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়ালেও সিনেমাতে জাতীয় দলের কোচকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে বলে মন্তব্য করেছেন গীতা-ববিতার আসল কোচ পি আর সোঁধী। এবারে এ প্রসঙ্গে মুখ খুললেন আমির খানও।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2016, 08:42 PM

Updated : 11 Oct 2022, 09:31 PM

কুস্তিগীর মহাবীর ফোগাত ও তার দুই কন্যা গীতা ও ববিতার জীবনের সত্যিকারের গল্প নিয়েই তৈরি হয়েছে ‘দঙ্গল’ সিনেমাটি। ছবিটির ট্রেইলারে তেমনটাই বলা হয়েছিলো। কিন্তু মুক্তির পরপরই শুরু হলো বিতর্ক। সিনেমাতে গীতা ও ববিতার কোচ পি আর কদমকে দেখানো হয়েছে নেতিবাচক একটি চরিত্রে।

সিনেমার একটি দৃশ্যে দেখানো হয়েছে, মহাবীরকে তালাবদ্ধ করে রেখেছেন কোচ পি আর কদম। এমনকি মহাবীরের পরামর্শে ববিতার আক্রমণাত্মক কৌশলে কুস্তি লড়ার ঘোর বিরোধীও ছিলেন তিনি। এছাড়া ববিতার সত্যিকারের কোচের (পি আর সোঁধী) নামের সাথে মিলিয়েই ছবিতে ববিতার কোচের নাম রাখা হয়েচে পি আর কদম। ফলে বেশ চটেছেন তিনি।

মিড-ডে’কে দেয়া এক সাক্ষাতকারে পি আর সোঁধী বলেন, “তারা আমার নাম সামান্য পরিবর্তন করে ছবিতে ব্যবহার করেছে। এখানে আমাকে যেভাবে দেখানো হয়েছে তা আমার জন্য অসম্মানজনক। মহাবীরজিকে আমি অনেক দিন থেকে চিনি। তার সাথে আমার খুবই সুন্দর সম্পর্ক। সিনেমাতে দেখানো হয়েছে আমি মহাবীরের সাথে শত্রুতা করছি এমনকি তাকে ঘরে আটকে রেখেছি। বাস্তবে আমাদের মধ্যে এমন কোনো ঘটনা কখনোই ঘটেনি।”

গণমাধ্যমে এ খবর প্রকাশের পরপরই ক্ষুব্ধ হয়েছেন অনেকেই। ভারতীয় ক্রীড়াঙ্গনেও শুরু হয়েছে ‘দঙ্গল’ নিয়ে নানা বির্তক। এ অবস্থায় তাই চুপ করে থাকতে পারলেন না আমির খানও। এনআই’কে দেয়া সাক্ষাতকারে আমির বলেন, “প্রতিটি জীবনীতেই একটু-আধটু ফিকশন ঢোকাতে হয়। একদম সাধাসিধে গল্প হলে তা দর্শকের ভালো লাগতো না। সিনেমার প্রয়োজনেই গীতা-ববিতার কোচকে ভিলেন হিসেবে দেখানো হয়েছে। কিন্তু গল্পের মূল বক্তব্যতে কোনো পরিবর্তন আনা হয়নি।”

এ সময় আমির আরও বলেন, “মানুষ ‘দঙ্গল’কে তাদের হৃদয় দিয়ে গ্রহণ করেছে। ছবিটি দেখে তাদের মনে হয়েছে তারা তাদের জীবনকেই দেখতে পাচ্ছে। একারণেই সবাই এ ছবিটি এতো পছন্দ করেছে। দর্শকের ভালবাসা ও প্রশংসায় আমি সিক্ত হয়েছি। ‘দঙ্গল’ আমার অভিনয় জীবনের অনেক বড় একটি প্রাপ্তি।”