২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যারি ফিশারের পর কে হবেন প্রিন্সেস লেইয়া?

ক্যারি ফিশারের আকস্মিক মৃত্যু এখনো মেনে নিতে পারছেন না তার ভক্তরা। ওয়াল্ট ডিজনি কোম্পানিও বাকরুদ্ধ হয়ে গেছেন ফিশারের অকাল প্রয়াণে। এ অবস্থায় ফিশারের জনপ্রিয় চরিত্র ‘প্রিন্সেস লেইয়া’র ভবিষ্যৎ নিয়ে দেখা গেছে সংশয়।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2016, 07:13 PM

Updated : 11 Oct 2022, 09:31 PM

২০১৫ সালে ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’ এর মধ্য দিয়ে স্টার ওয়ার্স সিরিজে যাত্রা শুরু করেন ফিশার। প্রিন্সেস লেইয়া চরিত্রে দুর্দান্ত অভিনয় তাকে এনে দিয়েছিলো অর্থ ও খ্যাতি দু’টোই। কিন্তু ফিমার আর নেই। এখন কে হবেন প্রিন্সেস লেইয়া? নাকি বাস্তবের সাথে মিল রেখে সিনেমার গল্পেও শেষ করা হবে এ চরিত্রটি?

২০১৭ তে মুক্তি পাবে এ স্টার ওয়ার্স ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি ‘স্টার ওয়ার্স: পর্ব ১৮’। এতে ফিশার অভিনীত প্রিন্সেস রেইয়া চরিত্রটিকে বেশ গুরুত্বপূর্ণভাবেই দেখানো হবে। স্টার ওয়ার্সের পরবর্তী কিস্তি  ‘স্টার ওয়ার্স: পর্ব ১৯’ এর গল্পেও তাই ফিশার অভিনীত এ চরিত্রটির থাকার কথা ছিলো।

ফরচুন ম্যগাজিন-এর এক প্রতিবেদনে ডিজনি স্টুডিও-র এক মুখপাত্র জানিয়েছে, ফিশারের চরিত্রটি নিয়ে কী করা হবে তা এখনো ঠিক করতে পারেনি ডিজনি কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে শিগগিরি একটি সিদ্ধান্তে আসবে তারা। এর আগে ‘রোগ ওয়ান: অ্যা স্টার ওয়ার্স স্টোরি’তে পিটার ক্যুসিং এর মৃত্যু তার চরিত্রটিকে কম্পিউটার গ্রাফিক্স (সিজিআই) এর মাধ্যমে দেখানো হয়েছিলো। তাই অনেকেই ভাবছেন হয়ত প্রিন্সেস লেইয়ার ভাগ্যেও অপেক্ষা করছে এমন কিছু।

আরেক পক্ষ বলছেন, সিজিআই নয় বরং সিনেমার কাহিনী পরিবর্তন করে মেরে ফেলা হবে লেইয়ার চরিত্রটিকে। কেননা ফিশারের এ চরিত্রটিতে অন্য কাউকে দেখতে মোটেও প্রস্তুত নন দর্শক। এমনকি ফিশারের এ চরিত্রটি অভিনেত্রী স্টিভি নিকস’কে দিয়ে করানো হবে এমন খবরেও চটে গিয়েছেন ফিশারভক্তরা!

টুইটারে এক ফিশারভক্ত লিখেছেন, “স্টার ওয়ার্স ফ্র্যাঞ্চাইজির উচিত লেইয়ার চরিত্রটিকেই শেষ করে দেয়া। কেননা ফিশারের বদলে আর কাউকে এ চরিত্রে দেখতে হলে সেটি হবে সবচেয়ে নিকৃষ্ট কোনো বিষয়।” ক্যারি ফিশারের আরেক ভক্ত থাগ লুকাস লিখেছেন, “ফিশার নেই সেজন্য আমি এখন কাঁদছি না কিন্তু তাকে সিজিআই-তে দেখতে হলে আমি বোধহয় কেঁদেই ফেলবো।”
 
এ বছরের শুরুতে এন্টারটেইনমেন্ট টুনাইট’কে দেয়া এক সাক্ষাতকারে স্টার ওয়ার্স-এর পরিচালক কলিন ট্রেভোরো বলেছিলেন, ‍প্রিন্সস লেইয়া তার যমজভাই লুক স্কাইওয়াকার’কে একটি অন্য জায়গায় নিয়ে যেতে চান তিনি। কিন্তু ফিশারের অবর্তমানে এখন কী করবেন ট্রেভোরো তাই-ই দেখার বিষয়।

উল্লেখ্য, শুক্রবার কমেডি সিরিজ ‘ক্যাটাস্ট্রফি’র শুটিং শেষে লন্ডন থেকে লস অ্যাঞ্জেলেস যাওয়ার পথে বিমানের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হন ফিশার। বিমানেই প্রাথমিক চিকিৎসা শেষে তাকে লস অ্যাঞ্জেলেস-এর রোনাল্ড রিগান ইউসিএলএ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই হাসপাতালেই ‘প্রিন্সেস লেইয়া’ মারা যান বলে মেয়ে বিলি লৌর্ড নিশ্চিত করেছেন।