বিতর্কে ‘দঙ্গল’: বাস্তবতার অনুগামী নয় আমিরের সিনেমা?
ভারতের খ্যাতিমান কুস্তিগীর মহাবীর ফোগাত আর তার দুই কণ্যা গীতা ও ববিতা ফোগাতের গল্প নিয়ে তৈরি ‘দঙ্গল’ সিনেমাটি দর্শক এবং সমালোচক, সবারই ভালোবাসা কুড়িয়েছে। কিন্তু ভারতের ক্রিড়ামহলে এই সিনেমা নিয়ে তৈরি হয়েছে বিশাল এক বিতর্ক।
বলা হচ্ছে, এরইমধ্যে শত কোটি আয় পেরুনো সিনেমাটির চরিত্ররা বাস্তবের হলেও, এর গল্পে বাস্তবতার অনুসরণ করা হয়নি অনেকাংশেই। সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ দৃশ্যটি ছিল ২০১০ সালের কমনওয়েল্থ ফাইনালে অস্ট্রেলিয়ার এমিলি বেনস্টেড-এর বিরুদ্ধে গীতার ম্যাচটি নিয়ে। এই ম্যাচে গীতা জিতেছিলেন অনায়াসে, বড় পয়েন্টের ব্যবধানে।
কিন্তু সিনেমায় দেখানো হয়, টানটান উত্তেজনার মধ্য দিয়ে ম্যাচটি জেতেন গীতা; প্রথম রাউন্ডে জিতলেও, দ্বিতীয় রাউন্ডে হারতে হয় এমিলির কাছে!
ভারতীয় ক্রিড়াবিদদের অনেকেই বলছেন, এতে করে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কুস্তিগীর হিসেবে গীতার সম্মানহানী হয়েছে। বিশেষ করে ভারতের বাইরে যখন সিনেমাটি দেখানো হবে, তখন গীতা সম্পর্কে ভুল ধারণা নিয়েই ঘরে ফিরবে দর্শক।
কেবল গীতার ওই ম্যাচ নিয়েই নয়, বিতর্ক তৈরি হয়েছে সিনেমাটিতে গীতা ও ববিতার কোচ পি আর সোধির চরিত্র রূপায়ণ নিয়েও।
সিনেমায় দেখানো হয়েছে, গীতার বাবা মহাবীরকে দেখতেই পারতেন না সোধী। এমনকী মহাবীরের পরামর্শে ববিতার আক্রমণাত্মক কৌশলে কুস্তি লড়ার ঘোর বিরোধীও ছিলেন তিনি।
ভারতীয় গণমাধ্যম এবেলাকে এব্যাপরে সোধি বলেছেন, “সিনেমাতে যা দেখানো হয়েছে, তা একদমই মিথ্যা। ‘দঙ্গল’ ছবিতে আমির খানরা মহাবীর ফোগাতকে নায়ক বানাতে চেয়েছেন। আর সেটা করতে গিয়ে জাতীয় কুস্তি কোচেদের ভিলেন বানিয়ে দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “ মহাবীর ফোগত এক বিশাল ব্যক্তিত্ব। তিনি শুধু প্রণম্য-ই নন, একই সঙ্গে অত্যন্ত সজ্জন ও ভদ্রলোক। তাঁকে হিংসা করার কোনও প্রশ্নই নেই। ‘দঙ্গল’-এ সব ভুল দেখানো হয়েছে।”
সবকিছু মিলিয়েই, দর্শক ও সমালোচকদের প্রশংসা পেলেও, ক্রিড়াঙ্গনের গ্রহণযোগ্যতা ‘দঙ্গল’ যে পাচ্ছে না, এ বিষয়টা এখন নিশ্চিত ।
