শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০১৭
১২ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। নয় দিন ব্যাপী এ উৎসবে রাজধানীর ৫টি স্থানে ৬৭টি দেশের ১৮৮টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। থাকছে চলচ্চিত্র বিষয়ক আলোচনা ও কর্মশালা।
রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত ‘পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০১৭’ শুরু হতে যাচ্ছে আগামী ১২ জানুয়ারি। ৯ দিন ব্যাপী এ উৎসবে ৬৭ দেশের ১৮৮টি চলচ্চিত্র প্রদর্শিত হবে বলে জানা গেছে। উৎসবে উপস্থিত থাকবেন বিশ্বের বিভিন্ন দেশের ৮৫জন চলচ্চিত্র ব্যক্তিত্ব। সোমবার সকালে রাজধানীর ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনে উৎসব উদ্বোধনের তারিখ ঘোষণা করা হয়।
বাংলাদেশের সবচেয়ে বড় এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রস্তুতি প্রায় শেষ বলে জানিয়ে সংবাদ সম্মেলনে উৎসবের সার্বিক দিক সাংবাদিকদের সামনে তুলে ধরেন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল। তিনি বলেন, এবারের উৎসবে বিশ্বের ৬৭টি দেশের ১৮৮টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
উৎসবে ৭টি প্রতিযোগিতা বিভাগ ও একটি রেট্রোস্পেকটিভ বিভাগে এই চলচ্চিত্রগুলো দেখানো হবে। প্রতিযোগিতা বিভাগগুলো হলো- এশিয়ান কমপিটিশন, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন্স ফিল্মস্, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট ও ইন্ডিপেনডেন্ট ফিল্মস, নরডিক ফিল্ম সেশন এবং উইমেন্স ফিল্মমেকারস্ সেকশন।
রাজাধানীর ৫টি ভেন্যুতে এই উৎসবের চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। এর মধ্যে মূল ভেন্যু ও উৎসবের অস্থায়ী কার্যালয় হবে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি। শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, আমেরিকান সেন্টার মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও স্টার সিনেপ্লেক্সে নিয়মিত চলচ্চিত্রগুলো প্রদর্শীত হবে।
পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অন্যতম আকর্ষণ হলো বিশ্ববিখ্যাত ইরানি পরিচালক প্রয়াত আব্বাস কিয়ারোস্তমি এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ নির্মাতা ও চলচ্চিত্র কিংবদন্তি চার্লি চ্যাপলিনের চলচ্চিত্র। উৎসবের রেট্রোস্পেকটিভ বিভাগে আব্বাস কিয়ারোস্তমির ৫টি চলচ্চিত্র- ‘ক্লোজআপ’, ‘টেস্ট অব চেরি’, ‘দ্যা উইন্ড উইল ক্যারি আস’, ‘দ্যা সার্টিফাইড কপি’ ও ‘লাইক সামওয়ান ইন লাভ’ চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। অন্যদিকে চিল্ড্রেন্স ফিল্মস সেকশনে চার্লি চ্যাপলিন নির্মিত ও অভিনীত ‘দি কিড’ ও ‘দি সার্কাস’ চলচ্চিত্র দুটি প্রদর্শিত হবে। চার্লি চ্যাপলিনের চলচ্চিত্র দুটি শিক্ষার্থী ও শিশুদের জন্য উন্মুক্ত থাকবে।
পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০১৭ এর অংশ হিসেবে রেইনবো চলচ্চিত্র সংসদ ও বাংলাদেশ জাতীয় জাদুঘর যৌথভাবে ‘সপ্তম ঢাকা সিনে ওয়ার্কশপ’ আয়োজন করতে যাচ্ছে। আগামী ৫ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত জাতীয় জাদুঘরে ১৫ দিন ব্যাপী এই কর্মশালা চলবে। এবারের কর্মশালায় ৩০ জন নবীন চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষার্থী অংশ নেয়ার সুযোগ পাবে।
বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, ইরান ও তাজাকিস্তানের তরুণ নির্মাতারা কর্মশালায় অংশ নিচ্ছেন। দেশীয় সংস্কৃতি ও চলচ্চিত্র শিল্পের উন্নয়নের লক্ষ্যে তরুণ বাংলাদেশিদের অংশগ্রহণে অগ্রাধিকার দেয়া হবে বলে জানা গেছে। কর্মশালাটিতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা ও ব্যক্তিত্বদের সাথে মত বিনিময়ের মাধ্যমে অভিজ্ঞতা অর্জনের একটি সুবর্ণ সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা। এবারের কর্মশালায় কোর্স ডিরেক্টর হিসেবে থাকছেন ইরানের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা-সমালোচক অধ্যাপক মাজিদ মোবাসসেজি।
এছাড়াও উৎসব চলাকালীন সময়ে আগামী ১৩-১৪ জানুয়ারি ঢাকার আলিয়ঁস ফ্রঁসেস সংস্কৃত কেন্দ্রের নিচতলার আর্ট গ্যালারিতে ‘তৃতীয় ঢাকা আন্তর্জাতিক কনফারেন্স অন ওমেন ইন সিনেমা’ অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইম্যান এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগিতায় অনুষ্ঠিত এই কনফারেন্সে নারী চলচ্চিত্র নির্মাতা, অভিনয়শিল্পী এবং বিশিষ্ট নারীব্যক্তিত্বরা অংশগ্রহণ করবেন।
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলাকালীন সময়ে, ১৫ জানুয়ারি ২০১৭ আলিয়ঁস ফ্রঁসেসের নিচতলা আর্ট গ্যালারিতে একটি দিনব্যাপী আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মোনাকো ভিত্তিক ইন্টারন্যাশনাল এমার্জিং ট্যালেন্ট ফিল্মস্ এসোসিয়েশন (আইইএফটিএ)’র উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে চলচ্চিত্রকার, গবেষক, সরকারী কর্মকর্তা, চলচ্চিত্র উৎসব কর্মী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে একটি উন্মুক্ত সংলাপের আয়োজন করা হবে।
ফেস্টিভালের অংশ হিসেবে প্রথমবারের মতো একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। ইরানি চিত্রশিল্পী সারাহ হোজ্জাতির একক এই প্রদর্শনী ৮-২০ জানুয়ারি ২০১৭ পর্যন্ত চলবে। রাজধানীর ধানমণ্ডিতে শিল্পাঙ্গন আর্ট গ্যালারিতে এই প্রদর্শনী চলবে। প্রদর্শনীটি যৌথভাবে আয়োজন করেছেন রেইনবো চলচ্চিত্র সংসদ ও শিল্পাঙ্গন আর্ট গ্যালারি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন উৎসবের প্রধান উপদেষ্টা রবিউল হুসেইন, উৎসব নির্বাহী কমিটির সদস্য ম. হামিদ, হায়দার রিজভী, প্রফেসর নাজমুল আহসান কলিমুল্লাহ।
