‘শঙ্খধ্বনি’ বদলে হলো ‘শিকলবাহা’
কামার আহমাদ সাইমনের নির্মিতব্য ছবি ‘শঙ্খধ্বনি’র নাম বদলে হচ্ছে ‘শিকলবাহা’। ৬৭তম কান উৎসবে উদীয়মান নির্মাতাদের জন্য বিশেষ আয়োজন ‘লা ফ্যাব্রিক দ্য সিনেমা দ্যু মন্দ ২০১৪’-তে আমন্ত্রিত ১০টি চিত্রনাট্যের মধ্যে অন্যতম ছিল এ চলচ্চিত্রের চিত্রনাট্য। ‘শুনতে কি পাও’খ্যাত নির্মাতা গ্লিটজকে জানালেন ২০১৭ সাল থেকে শুরু হচ্ছে তার দ্বিতীয় চলচ্চিত্র নির্মাণের কাজ।
ছেলেবেলায় স্কুলের গণ্ডি পেরোনোর আগেই হারিয়ে যায় দুই বন্ধু। প্রায় সতের বছর পর আবার দেখা, ফিরে আসে মাটির টানে। আর একটা নদীর খোঁজে অনিশ্চিত যাত্রা-গল্পের এমন সূত্র ধরেই কামার আহমদ সাইমন নির্মাণ করছেন তার নতুন চলচ্চিত্র ‘শিকলবাহা’। এই মুহূর্তে এ চলচ্চিত্রের চিত্রনাট্যের যথাযথ প্রস্তুতি নিয়েই ব্যস্ত সময় পার করছেন এ নির্মাতা। পাশাপাশি চলছে চরিত্র বাছাইয়ের কাজ। আসছে বছর পুরোদমে চলবে চলচ্চিত্রটির নির্মাণ।
রোববার সকালে চলচ্চিত্রটির নাম পরিবর্তন ও নির্মাণ প্রসঙ্গে গ্লিটজের সঙ্গে আলাপকালে নির্মাতা বললেন, “অনেকেই ভাবেন, ক্যামেরা ওপেন মানেই চলচ্চিত্রের নির্মাণ শুরু। আমি চিত্রধারণের আগে চলচ্চিত্রটি নির্মাণের প্রাকপ্রস্তুতিকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই। গত তিনমাস ৮৫ পৃষ্ঠার চিত্রনাট্যটি পুনরায় লেখা ও সম্পাদনার কাজে ব্যয় করেছি। চলচ্চিত্রটির গল্পে আবার ডুবতে গিয়ে মনে হল ‘শঙ্খধ্বনী’ নয় এর নাম হতে পারে ‘শিকলবাহা’ বা ‘আয়রন স্ট্রীম’।”
‘শঙ্খচিল’, ‘শঙ্খনাদ’ নামে ইতিপূর্বে নির্মিত চলচ্চিত্রগুলোর নামের সঙ্গে দর্শক হোঁচট খেতে পারে বলেও তার এই নাম পরিবর্তন বলে জানালেন কামার।
শুধু কান চলচ্চিত্রের আসরই নয়, বার্লিন চলচ্চিত্র উৎসবের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘ওয়ার্ল্ড সিনেমা ফান্ড’বিজয়ী এ চিত্রনাট্যের চলচ্চিত্ররূপ দিতে চরিত্র বাছাইয়েরও কাজ চলছে। নামচরিত্রগুলোতে পর্দায় যাদের দেখা যাবে তেমন অভিনয়শিল্পী খুঁজছেন নির্মাতা। এ জন্য তিনি আলো ফেলেছেন মঞ্চের দিকেই।
বললেন, “চরিত্রের প্রয়োজনে কখনো কখনো তারকা শিল্পীর চাইতে নতুন মুখের আবেদনটাই বেশি হয়ে থাকে। আমাদের গল্পের নাম চরিত্রের ক্ষেত্রেও আমরা তাই ভাবছি। চরিত্র রূপায়নে যে ধরণের শিল্পী প্রয়োজন তা পাইনি এখনও। গত তিনমাস আমার টিম অভিনয়শিল্পী খুঁজেছে। আমিও মঞ্চের দিকে গোপনে চোখ ফেলেছি। আশা করছি খুব শিগগিরই আমরা অভিনয়শিল্পী চূড়ান্ত করতে পারবো।”
বাণিজ্য শব্দটিকে সামনে রেখে চলচ্চিত্র নির্মাণে অনাগ্রহী ‘শুনতে কি পাও’খ্যাত এ তরুণ নির্মাতা। তাই তারকানির্ভরতা থেকে বেরিয়ে মঞ্চের পেশাদার অথচ অপরিচিতমুখকেই বেছে নিতে যাচ্ছেন তার নতুন চলচ্চিত্রে।
বললেন, “তার মানে এই নয় আমি তারকাদের অসম্মান করছি। চরিত্রের প্রয়োজনেই এ পথ বেছে নিতে হয়েছে আমাকে। ২০১৭ সাল থেকে পুরোদমে চলবে নির্মাণকাজ।”
এর আগে নিজের প্রথম নির্মাণ ‘শুনতে কি পাও!’ চলচ্চিত্রের জন্য ফ্রান্সে অনুষ্ঠিত ইউরোপের প্রামাণ্য উৎসব ‘সিনেমা দ্যু রিলে’ শ্রেষ্ঠ সর্বোচ্চ পুরস্কার ‘গ্রাঁ প্রি’ এবং মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘স্বর্ণশঙ্খ’ জয় করেছিলেন কামার আহমাদ সাইমন।
