মায়ের জীবন বড় পর্দায় দেখতে চান অমিতাভ
মা-বাবার স্মৃতিকে উজ্জ্বল করে রাখতে সন্তানরা কতকিছুই না করেন। অভিতাভ বচ্চনও এর ব্যতিক্রম নন। প্রয়াত মায়ের স্মৃতিকে অম্লান করে রাখতে তার জীবনী নিয়ে সিনেমা তৈরি করতে দেখতে চান তিনি। তার মেয়ে শ্বেতা বচ্চন-এরও নাকি একই ইচ্ছা।
২১ ডিসেম্বর ছিল অমিতাভ-এর মা তেজি বচ্চন-এর প্রয়াণ দিবস। বাবা হরিবংশ রায় বচ্চন ছিলেন কবি, তার ব্যাপারে পুরো ভারতবর্ষের মানুষি কম বেশি জানে। তবে তেজি বচ্চনের জীবনের অনেক কিছুই সবার অজানা। এই কারণেই অমিতাভ চান, মাকে নিয়ে একটা সিনেমা হোক।
তিনি বলেন “আমাদের পরিবারের সবাই বাবার জীবনী নিয়ে সিনেমার ব্যাপারে কথা বলে। আমার মেয়েরা তখন বলে, দাদিকে নিয়েও করা উচিৎ! আসলেই তার জীবনের অনেক কিছুই অজানা সবার কাছে। যারাই তাকে জানতেন, তারাই কেবল তার ভেতরের ব্যাপারগুলো সম্পর্কে অবগত ছিলেন।”
বহু বছর আগে মারা গেলেও আজও মাকে হৃদয়ের কাছেই রেখেছেন অমিতাভ, “আমি মায়ের প্রয়াণ দিবসে সারাদিনই তার জন্য প্রার্থনা করে কাটিয়েছি। তার এবং বাবার ছবির সামনেই বসে ছিলাম আমরা।”
