মা ও ছেলের জন্ম একই চিকিৎসকের হাতে!
অর্ধশতকেরও বেশি সময় জুড়ে গাইনিবিদ্যায় তার ভারত জোড়া খ্যাতি। মুম্বাইয়ের বিখ্যাত চিকিৎসক রুস্তম পি সুনাওয়ালার তত্ত্বাবধানেই জন্ম নিয়েছে কারিনা কাপুর ও সাইফ আলি খান দম্পতির প্রথম সন্তান তৈমুর। মজার ব্যাপার হলো, এই সুনাওয়ালার হাতেই ৩৬ বছর আগে জন্ম নিয়েছিলেন কারিনা কাপুর নিজেই।
কারিনার গর্ভাবস্থা থেকেই গুঞ্জন উঠেছিল, তিনি নাকি লন্ডনে সন্তান জন্ম দেবেন। অনেকেই বলছিলেন, মুম্বাইতেই জন্ম নেবে সাইফিনার প্রথম সন্তান। শেষ পর্যন্ত সব জল্পনা কল্পনা দূর করে ২০ডিসেম্বর মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে জন্ম নিয়েছে কারিনা-র পুত্র সন্তান। অস্ত্রোপচার করা দলের নেতৃত্বে ছিলেন রুস্তম পি সুনাওয়ালা।
ষাটের দশক থেকেই মুম্বাইতে স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে সুনাম রয়েছে রুস্তম-এর। ১৯৮০ সালের ২১ সেপ্টেম্বর কারিনার মা ববিতার সন্তান জন্ম দেয়ার সময়েও অস্ত্রোপচার দলের প্রধান হিসেবে উপস্থিত ছিলেন তিনি।কারিনার বড়বোন কারিশমার জন্মও হয় তার তত্ত্বাবধানেই।
এছাড়াও কাপুর পরিবারের আরেক সদস্য রণভির-এর জন্মও হয়েছিল এই চিকিৎসকের তত্ত্বাবধানেই।
শুধু কাপুর পরিবার নয়, বলিউডের আরেক বিখ্যাত বচ্চন পরিবারেরও পারিবারিক চিকিৎসক রুস্তম পি সুনাওয়ালা।
খ্যাতনামা এই চিকিৎসকের সেবায় সুন্দরভাবেই সম্পন্ন হয়েছে কারিনা কাপুর-এর প্রসব। মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন।
