জমকালো কনসার্টে এলআরবির ২৫ বছরপূর্তি উদযাপন
জমকালো কনসার্টের মধ্য দিয়ে ২৫ বছর পূর্তি উদযাপন করেছে ‘সব প্রজন্মের কাছে’ জনপ্রিয় রক ঘরানার ব্যান্ড এলআরবি।
মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক কনভেশন সেন্টার বসুন্ধরা (আইসিসিবি) নবরাত্রি হলে রবি-ইয়ন্ডার মিউজিক এই আয়োজন করে।
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এলআরবিকে ২৫ বছর পূর্তিতে শুভেচ্ছা জানিয়ে বলেন, “আপনাদের গান খুব এঞ্জয় করি। আপনারা কিংবদন্তি।
“বাচ্চু ভাই হচ্ছে এমন এক শিল্পী যে আমার ১১ বছরের সন্তান, আমি এবং আমার ৭২ বছরের মা তার ভক্ত।”
অভিনেতা আফজাল হোসেন দেশে বিজ্ঞাপনকে জনপ্রিয় করার পেছনে আইয়ুব বাচ্চুর ‘প্রবল ভূমিকা’ আছে বলে মন্তব্য করে বলেন, “যখন বিটিভি ছাড়া অন্য কোনো চ্যানেল ছিল না, তখন থেকেই বাচ্চু সবার কাছে জনপ্রিয়।”
কনসার্টে গান শুনতে আসা মালিবাগের বাসিন্দা কাজী শাহরিয়ার ফারুক বলেন, “শুধু আমি না, আমার বাসার সবাই বাচ্চুর ভক্ত। সবচেয়ে বড় ভক্ত আমার ৬০ বছর বয়সী বাবা। তিনি আসতে চেয়েছিলেন কিন্তু শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেননি।
“কত শিল্পী এল গেল, কিন্তু এলআরবি মনে একটা বিশেষ স্থান দখল করে থাকবে আজীবন,” বলছিলেন মিরপুরের বাসিন্দা নাঈম হোসেন।
কনসার্টে এলআরবি তাদের জনপ্রিয় গান ‘হাসতে দেখ গাইতে দেখ’, ‘একদিন ঘুম ভাঙা শহরে’, ‘সেই তুমি’, ‘মাধবী’, ‘ঘুমন্ত শহরে’ সহ ৪০টি গান পরিবেশন করে।
১৯৯০ সালের ৫ এপ্রিল আইয়ুব বাচ্চুর হাত ধরে যাত্রা শুরু করে এলআরবি। শুরুতে এর পুরো নাম লিটল রিভার ব্যান্ড থাকলেও পরবর্তিতে তা লাভ রানস ব্লাইন্ড করা হয়।
আইয়ুব বাচ্চু তার সহশিল্পী স্বপন, টুটুল ও জনিকে নিয়ে প্রতিষ্ঠা করেন রক ঘরানার ব্যান্ড এলআরবি। বর্তমানে ব্যান্ডটির লাইনআপে আছেন আইয়ুব বাচ্চু (লিড ভোকাল ও গিটারিস্ট), স্বপন (বেস গিটার), মাসুদ (গিটার) ও রোমেল (ড্রামস)।
যাত্রা শুরুর পর থেকে এলআরবি এই পর্যন্ত স্টুডিও অ্যালবাম মোট ১১টি, সংকলিত অ্যালবাম ২টি এবং মিক্সড অ্যালবাম প্রকাশ করেছে মোট ৯টি।
