ফের প্রেমে জড়িয়েছেন শন পেন-ম্যাডোনা জুটি!
প্রাক্তন প্রেমিক ও অস্কারজয়ী মার্কিন অভিনেতা শন পেন-এর সঙ্গে নতুন করে প্রেমে জড়িয়ে পড়েছেন সংগীত তারকা ম্যাডোনা!
ডিসেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত একটি দাতব্য আয়োজনে সাবেক প্রেমিক শন পেনকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ম্যাডোনা। সে সময় পেনকে ওই প্রতিষ্ঠানে দেড় লাখ মার্কিন ডলার দান করতে অনুরোধ করেন তিনি। বিনিময়ে পেনকে আবারও বিয়ে করবেন বলে জানান!
এছাড়াও ম্যাডোনা বলেছিলেন, পেনকে এখনও ভালোবাসেন তিনি।
মার্কিন গণমাধ্যম সেলিব্রেটি ইনসাইডার বলছে, ম্যাডোনার এ কথাকে মোটেও হালকা করে দেখছেন না পেন। ম্যাডোনাকে কাছে পেতে এরই মধ্যে নাকি ২৪ বছর বয়সি প্রেমিকা লেইলা ডি’ওনফ্রিও-এর সঙ্গে বিচ্ছেদ করে ফেলেছেন পেন!
এ তারকার একটি ঘনিষ্ঠ সূত্র বলছে, “ম্যাডোনা ও শন পেন আবারও প্রেম করছেন। সাবেক প্রেমিক শন পেন এর প্রতি ম্যাডোনোর ভালবাসার কথা সবাই জানতেন। এবারে তাই-ই সত্যি হতে চলেছে!”
১৯৮৫ থেকে ১৯৮৯ সাল অব্দি একত্রে ঘর করেছিলেন এই সাবেক দম্পতি। এরপর পেন বিয়ে করেন অভিনেত্রী রবিন রাইটকে। অন্যদিকে, পেন-এর সঙ্গে সংসার ভাঙার পর ব্রিটিশ নির্মাতা গাই রিচিকে ম্যাডোনা বিয়ে করেছিলেন ২০০০ সালে। আট বছর পর সেই দাম্পত্যেরও ইতি ঘটে বিচ্ছেদে।
