মঞ্চের যুবরাজ, খালেদ খান
খালেদ খান-এর প্রয়াণ দিবসে তাকে নিয়ে লিখেছেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান।
সবার উপরে, তার মধ্যে আমি জগত ও জীবন সম্পর্কে একটি বিবাগী দর্শন প্রত্যক্ষ করেছি, যা আমাকে বিমোহিতকরেছে। যুবরাজ ছিলো জাগতিক লোভ-লালসার উর্দ্ধে একজন মানুষ। প্রতিভাবান অভিনেতা হওয়া সত্ত্বেও আমি কখনো ওর মুখে কোন পুরস্কার কিংবা সম্মানণা লাভের বাসনারকথা শুনি নি। খালেদ খান (যুবরাজ) আমার হাত ধরেই মঞ্চ-নাটকের একজন হওয়ার জন্যে যোগ দিয়েছিলো নাগরিক নাট্য সম্প্রদায়ে। তখন বুঝি নি টাঙ্গাইল থেকে আগত ঢাকাবিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেটি একদিন নাট মঞ্চকে জয় করবে। খালেদ খান যুবরাজ আমাদেরকে ছেড়ে অকালে চলে গেলো অনন্ত যাত্রায়, সেটা যেমন আমাদের জন্যে দুঃখের আবারতার মতো এমন প্রতিভাবান অভিনেতা, নাট্যনির্দেশক, গায়ক এবং বাচিক শিল্পী আমাদের দেশে আমাদেরই একজন হয়ে ছিলো, এটা আমাদের জন্যে অত্যন্ত শ্লাঘার বিষয়।
যখন খালেদ নাগরিক নাট্য সম্প্রদায়ের প্রযোজনা এবং আমার নির্দেশনায় রবীন্দ্রনাথের বিশ্বখ্যাত নাটক ‘রক্তকরবী’তে অভিনয় করছিলো তখনই এক পর্যায়ে খালেদ দুরারোগ্যমটর নিউরন অসুখে আক্রান্ত হয়েছিলো , অসুস্থ অবস্থায়ও এই অনন্য অভিনেতা সানন্দচিত্তে বিশু চরিত্রে অভিনয় চালিয়ে যাচ্ছিল। একটা সময় আর পারলো না। ‘রক্তকরবী’নাটকের ৭৪ তম প্রদর্শনীর পরে ওর বিকল্প অভিনেতা চরিত্রটিতে অভিনয় শুরু করল, কিন্তু খালেদ খান যুবরাজের অভাব পূরণ হলো না। তার মতো এমন কুশলী বাচিক, দৈহিকএবং গায়ক-অভিনেতার জায়গা কখনো পূরণ হবার নয়। প্রযোজনাটি তার অভাবে দুর্বল হয়ে পড়লো। খালেদ খানের দক্ষ অভিনয়ের পরিচয় আমরা পাই নাগরিক নাট্য সম্প্রদায়েরপ্রযোজনা, আলী যাকের নির্দেশিত ‘অচলায়তন’ নাটকে। অমন নেচে-গেয়ে কিশোর ‘পঞ্চক’-কে আরো কখনো খুঁজে পাওয়া যাবে না বলে আমি মনে করি। ‘অচলায়তন’ নাটকেযুবরাজ মঞ্চকে জয় করে নাট্যমঞ্চের ‘যুবরাজ’ হয়ে উঠল। সৈয়দ শামসুল হক রচিত আমার নির্দেশিত দুরুহ কাব্যনাটক ‘ঈর্ষা’ নাটকে অভিনয় করে দেশে-বিদেশে খালেদ খানসবাইকে তাক লাগিয়ে দিয়েছিলো। এমন নিবিষ্ট এবং শুদ্ধাচারি অভিনয়ের সাক্ষাৎ সহজে মিলে না। সৈয়দ শামসুল হক রচিত এই কাব্যনাট্য দীর্ঘ ৭টি সংলাপে সমাপ্ত। নাটকটিতেখালেদ অভিনয় করত তরুণ চিত্রশিল্পীর ভূমিকায়। চরিত্রের নাম ‘যুবক’। মনে আছে বাংলা থিয়েটারের কিংবদন্তী পুরুষ শ্রী শম্ভু মিত্র নাটকটি অখ- মনস্কতায় দেখেছিলেন এবংখালেদের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছিলেন। কলকাতার ‘একাডেমি অব ফাইন আর্টস’ প্রাঙ্গণে পরের দিন নাট্য-উৎসবে অন্য একটি নাটক দেখতে গিয়ে শুনতে পাই যে,কয়েকজন দর্শক নিজেদের মধ্যে খালেদকে দেখিয়ে বলাবলি করছে, যৌবনে শম্ভু মিত্র বাংলাদেশের ঐ ছেলেটির মতো অভিনয় করতো। এই উক্তি আমাকে বিস্ময়ে হতবাককরেছিলো। এই নাটকে তার সঙ্গে অভিনয় করতেন সারা যাকের এবং জামালউদ্দিন হোসেন। এই তিন জন সুঅভিনেতা নাটকটির আপাত দূরুহতা দূর করে নাটকটি দর্শকপ্রিয়করে তুলেছিলো।
খালেদকে নির্দেশনা দেয়া খুব সহজ ছিলো, নির্দেশক কী চায়, সামান্য কথার ভেতর দিয়ে খালেদ তা বুঝে নিতো। এভাবে খালেদ মনোগ্রাহী অভিনয় করেছে নাগরিকনাট্যসম্প্রদায়ের ‘দর্পণ’ নাটকে। ‘দর্পণ’ ছিল আলী যাকের কৃত শেক্সপীয়রের ‘হ্যামলেট’ নাটকের রূপান্তর এবং নাটকটির নির্দেশনাও দিয়েছিলেন আলী যাকের। আমার নির্দেশিতনাগরিক নাট্য সম্প্রদায়ের ‘গ্যালিলিও’ নাটকে খালেদ খান ‘গ্যালিলিও’র ছাত্র আন্দ্রিয়ার ভূমিকায় হৃদয়গ্রাহী অভিনয় করতো। নাটকটি বের্টল্ট ব্রেশটের ‘দ্য লাইফ অব গ্যালিলিওগ্যালিলাই’; যার বাংলা অনুবাদ করেছেন অধ্যাপক আবদুস সেলিম। এছাড়াও খালেদ নাগরিক নাট্য সম্প্রদায়ের আরো কয়েকটি নাটকে ছোট-বড় ভূমিকায় অভিনয় করেছে, তবেও যে ভূমিকায়ই অভিনয় করতো, তা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করত ওর মোহনীয় অভিনয় ক্ষমতার গুণে। নাটক নির্দেশনার ক্ষেত্রেও খালেদ ছিলো কীর্তিমান। নাগরিক নাট্যসম্প্রদায়ের প্রযোজনা, বুদ্ধদেব বসুর ‘কাল সন্ধ্যা’, রবীন্দ্রনাথের ‘মুক্তধারা’ এবং নাসরীন জাহানের ‘স্বপ্নবাজ’ ছিল খালেদ খান নির্দেশিত সফল মঞ্চনাট্য-প্রযোজনা। তার নাট্যবুদ্ধিও স্বতঃলব্ধ জ্ঞান ছিল প্রখর, সে কারণে নাটকের যে কাজেই সে হাত দিয়েছে তা সফল হয়েছে। খালেদ নির্দেশিত ‘স্বপ্নবাজ’ নাটকে আমি অভিনয় করেছি একটা প্রধান চরিত্রে এবংএই নাটকটি কলকাতায় প্রদর্শিত হয়ে সুনাম অর্জন করে এবং এই নাটকের ধারণকৃত ভিডিও প্রায়ই সেখানকার সরকারি টেলিভিশন চ্যানেলে দেখানো হয়। খালেদ নির্দেশিতনাটকগুলোর মধ্যে ‘কন্ঠশীলন’ আবৃত্তি দলের ‘পুতুল খেলা’ এবং ‘সুবচনে’র ‘ক্ষুধিত পাষাণ’ বিশেষ ভাবে উল্লেখযোগ্য। ‘পুতুল খেলা’ হেনরিক ইবসেনের ‘এ ডলস হাউসে’র শম্ভু মিত্রকৃত রূপান্তর এবং ‘ক্ষুধিত পাষাণ’ রবীন্দ্রনাথের গল্পের নাট্যরূপ। এ ছাড়াও খালেদ খান কন্ঠশীলনে’র ‘কারিগর’ ও সুবচন নাট্যদলের ‘রূপবতী’ নাটকের নির্দেশনায় রূপদর্শীতারপরিচয় দিয়েছে। সহ-অভিনেতা এবং নির্দেশক হিসেবে খালেদ ছিল অত্যন্ত সচেতন এবং সপ্রাণ। খালেদ অত্যন্ত জটিল বিষয়কেও সহজ করে ফেলতে জানত; এবং সে কারণেই তারসাথে অভিনয় করতে যেমন কোন সমস্যা হতনা, তেমনি তাকে নির্দেশনা দেবার সময় সামান্য কথায়ও খালেদ নির্দেশকের মনের কথা বুঝে নিতো। খালেদ গান গাইতো চমৎকারএবং আবৃত্তি করত উল্লেখযোগ্য দক্ষতায়। টিভি নাটকে অভিনয়েও খালেদ খান ছিলো অত্যন্ত সফল। বিভিন্ন রেডিও কমার্শিয়াল-এ খালেদ প্রায়শই কন্ঠদান করতো। ‘পোকামাকড়ের ঘরবসতি’ নামে একটি চলচ্চিত্রেও অভিনয় করেছিল খালেদ এবং সে অভিনয়ও ছিল উল্লেখযোগ্য। খালেদ মানুষ হিসেবে ছিল সহজ-সরল, বন্ধু বৎসল এবং সবার উপরেঅনন্য কথক-আড্ডাবাজ এবং রসিক।
মটর নিউরন অসুখও তাকে হার মানাতে পারেনি, ও একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ট্রেজারারের উচ্চপদে বৃত হয়েছিলো এবং সারাক্ষণ হুইল চেয়ারে বসে কাজের মধ্যে ডুবেথাকতো। সেই বিশ্ববিদ্যালয়েও খালেদ লেখা-পড়ার পাশাপাশি ছেলে- মেয়েদেরকে নাটক শেখাত।
খালেদ ইহজগত ছেড়ে গেছে মাত্র ৫৫ বছর বয়েসে । কিন্তু দেশের একজন অনন্য কৃতি ও সু-সন্তান হিসেবে দেশবাসীর কাছে খালেদ খান অক্ষয় অমর হয়ে থাকবে এবং নাটকের‘যুবরাজ’ অনিঃশেষ হয়ে থাকবে। খালেদ খান আমার সত্তায় চির জাগ্রত থাকবে, যতদিন না আমি চির নিদ্রায় শায়িত হব।
লেখক : একুশে পদকপ্রাপ্ত অভিনেতা, নাট্যনির্দেশক ও লেখক
