আগ্নেয়াস্ত্র রাখার কথা স্বীকার করলেন সঞ্জয় দত্ত!
এই মামলা নিয়ে কম কথা হয়নি বলিউড পাড়ায়। শেষ পর্যন্ত জেলও খাটতে হয়েছিল অভিনেতা সঞ্জয় দত্তকে। বেশিদিন হয়নি জেল থেকে ছাড়া পেয়েছেন। এবার সঞ্জয় অকপটে স্বীকার করলেন, তিনি সত্যিই দাঙ্গার সময়ে অস্ত্র রেখেছিলেন!
ইন্ডিয়া টুডে জানায়, দিল্লির একটি সচেতনতামূলক অনুষ্ঠানে এসে এসব ব্যাপারে সরল স্বীকারোক্তি দেন ‘মুন্নাভাই’, “ আমার আগ্নেয়াস্ত্রের প্রতি বরাবরই একটা দুর্বলতা ছিল। দাঙ্গার সময়ে একদিন আমার এক ছবির প্রযোজক বললেন- ‘বন্দুক রাখবে একটা নিজের কাছে?’ শুনেই আমার কান খাড়া হয়ে উঠেছিল! বন্দুক, তাও আবার একে-৫৬! এটার লোভ কী ছাড়া যায়! তাই আমিও রাজি হয়ে গেলাম! ভেবেছিলাম, ওটা নিয়ে খান্ডালা যাব। ফাঁকা জায়গা দেখে দু-একবার চালাব, তার পর ফেলে দিয়ে চলে আসব।”
সঞ্জয় নিজের নেশার ব্যাপারেও খোলামেলা কথা বলেন, “কোকেন মানুষকে চরম মাত্রায় নেশাগ্রস্থ করে দেয়! নেশা কাটানোর জন্য আশ্রয় নিতে হয় মদের। মনে আছে, একদিন আমি কোকেনের নেশা করে গভীর রাতে বাড়ি ফিরেছিলাম। সেই নেশা নামানোর জন্য অনেকটা মদ খাই এবং ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙার পরে আমার খুব খিদে পেয়েছিল। তখন বাড়ির কাজের লোকের কাছে কিছু খেতে চাইলে সে জানিয়েছিল, আমি নাকি ঠিক দুই দিন পরে ঘুম থেকে উঠি!”
ওইদিনের অভিজ্ঞতাই নাকি মাদকের ভয়াল পরিণতি থেকে ফিরিয়ে এনেছিল সুনীল দত্ত-পুত্রকে।
তিনি বলেন, “সেদিন নিজেকে আয়নায় দেখে মনে হয়েছিল, জীবনটা ফুরিয়ে আসছে! ভীষণ ভয় পেয়ে যাই এবং বাবাকে গিয়ে সব কথা বলে নেশা ছাড়ানোর জন্য সাহায্য চাই!”
বর্তমানে ‘মুন্নাভাই’ সিরিজসহ বেশ কয়েকটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন সঞ্জয়। পুরনো জীবন পেছনে ফেলে সামনের দিকেই এগিয়ে যাচ্ছেন ‘সাঞ্জু বাবা’।
