২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘গোটা পৃথিবীর সামনে নিজেকে নগ্ন মনে হয়েছিল’

দুজনের সম্পর্ক নিয়ে বলিউডে কম জল ঘোলা হয়নি। হৃতিক রোশন ও কঙ্গনা রনৌত-এর ‘প্রেম কাহিনী’ শেষ হয়েছে তিক্ততার মধ্য দিয়ে, যা কিনা পরবর্তীতে আদালত পর্যন্তও গড়িয়েছে! দুজনের এই কাদা ছোড়াছুড়ি মাঝে কিছুদিন বন্ধ ছিল। সম্প্রতি আবারও মুখ খুলেছেন কঙ্গনা। পুরো সময়টা নাকি নিজেকে ‘পৃথিবীর সামনে উন্মোচিত’ মনে হচ্ছিল তার।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2016, 10:22 PM

Updated : 12 Apr 2022, 03:32 AM

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সম্পর্ক চলাকালীন হৃতিককে ১৪৩৯টি ইমেইল পাঠিয়েছিলেন কঙ্গনা! গত বছর আদালতে মামলা চলার সময় সেগুলো জনসম্মুখে এসে পড়ে। 

এই ব্যাপারে ‘তনু ওয়েডস মনু’ খ্যাত অভিনেত্রী বলেন, “আমি যে চিঠিগুলো লিখেছিলাম সেটা পৃথিবীর সামনে উন্মোচিত হয়ে গিয়েছিল। একজন মানুষ হিসেবে আমার কেমন লাগবে, প্রেমিকের কাছে লেখা চিঠিতে অনেক কিছুই ছিল। আপনি আপনার ভেতরের দিকটা প্রকাশ করে দিচ্ছেন। গোটা পৃথিবীর সামনে নিজেকে একেবারে নগ্ন মনে হচ্ছিল। সারারাত নিজের রুমে আমি কেঁদেছিলাম। মানুষ আমাকে নিয়ে হেসেছে। কিন্তু আমি ওসবের জবাব দেইনি। এতে আমিই বিজয়ী হয়েছি বলে মানি।”

কঙ্গনা আরও বলেন, “আমি একজন ভালো মানুষ নাও হতে পারি। কিন্তু একটি মেয়েকে নিয়ে এরকম করাটা একেবারেই উচিত না। চিঠিগুলোর ব্যাপারে আমি আগেই নিজের বক্তব্য পরিস্কার করে দিয়েছি। প্রেমিককে পাওয়ার জন্য অথবা নিজেকে প্রমাণের জন্য আমি সব সীমাই পার করেছি। কিন্তু ওসবের সামনে যখন আপনাকে মুখোমুখি হতে তখন কী? কেউ ভাবেনা একজন মেয়ে কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।”

গত নভেম্বরে হৃতিক-কঙ্গনার মাঝে মামলা শেষ হওয়ার ঘোষণা এসেছিল রোশান পরিবারের পক্ষ থেকে। ২৫ জানুয়ারি ‘কাবিল’ দিয়ে রুপালী পর্দায় ফিরবেন হৃতিক, কঙ্গনাকে দেখা যাবে ‘রেঙ্গুন’ সিনেমায়।