বাংলাদেশে আসছেন ওস্তাদ আশীষ খাঁ
পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিশ্বব্যাপী সঙ্গীত মৈত্রী’র আয়োজনে শাস্ত্রীয় সংগীত সম্মেলন। ২৩ ডিসেম্বর শুক্রবার রাজধানীতেশুরু হতে যাচ্ছে দুদিনের এই উৎসব। এবারের আসরের মূল আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন বিখ্যাত সরোদ বাদক ওস্তাদ আশীষ খাঁ।
উৎসবের আয়োজক সংগঠন ‘বিশ্বব্যাপী সঙ্গীত মৈত্রী’র প্রতিষ্ঠাতা সভাপতি মেহজাবিন রহমান রোববার সন্ধ্যায় গ্লিটজকে তথ্যটি নিশ্চিত করেন।
তিনি বলেন,“প্রতিবছরের মতো এবারও আমরা শাস্ত্রীয় সংগীত সম্মেলন আয়োজন করতে যাচ্ছি।বিশ্ব শাস্ত্রীয় সংগীতের পুরোধা ওস্তাদ আলাউদ্দিন খাঁর দেখানো পথ ধরে তার জন্মস্থান বাংলাদেশে শাস্ত্রীয় ঘরানার সঙ্গীত চর্চাকে আরও গতিশীল করতে আমরা এ আয়োজন চালিয়ে যাচ্ছি। মূল আকর্ষণ হিসেবে ওস্তাদ আশীষ খাঁ আসছেন এবারের আসর আলোকিত করতে। আমাদের মূল লক্ষ্য তরুণদের শাস্ত্রীয় সংগীত ওবাদ্যে উৎসাহিত করা।”
দুটি মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ শাস্ত্রীয় সংগীত সম্মেলন। প্রথম দিন ২৩ ডিসেম্বর, শুক্রবার, ধানমন্ডিস্থ ছায়ানট অডিটোরিয়ামে সরোদ বাজাবেন ওস্তাদ আশীষ খাঁন। এছাড়াও অনুষ্ঠানে সরোদ পরিবেশন করবেন বাংলাদেশের
ওস্তাদ শাহদাত হোসেন খান এবং তবলায় মাতাবেন ওস্তাদ ইউসুফ আলী খান।
‘শেকড়ের সুর: গল্পে ও যন্ত্র সংগীতে ওস্তাদ আশীষ খাঁন’ শীর্ষক এ আয়োজনশুরু হবে সন্ধ্যা ৬ টায়।
সম্মেলনের দ্বিতীয় দিন, আগামী ২৭ ডিসেম্বর অলিয়ঁস ফ্রঁসেজ অডিটোরিয়ামে তরুণ শিল্পীদের পরিবেশনায় ‘তারুণ্যের উৎসবে শাস্ত্রীয় সংগীত- বিজয়ের ধুন’শীর্ষক অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারত থেকে আগত শিল্পীরা বাজাবেন সন্তুর,সেতার, সরোদ, বাঁশরি, পাখোয়াজ ও তবলা। অনুষ্ঠানটি শুরু হবে বিকেল 8 টায়।
ওস্তাদ আশীষ খাঁন ভারতের একজন স্বনামধন্য সরোদ বাদক। তিনি বংশপরম্পরায় ভারতের শাস্ত্রীয় সঙ্গীতের সাথে যুক্ত। তিনি ওস্তাদআলাউদ্দিন খাঁর নাতি এবং ওস্তাদ আলি আকবর খাঁর পুত্র। সরোদ বাদন ওকম্পোজারের পাশাপাশি তিনি ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ আর্ট এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়য়ের ভারতীয় শাস্ত্রীয় সংগীত বিষয়ে অধ্যাপনা করছেন।
ওস্তাদ আশীষ খাঁ ১৯৬৭ সালে তবলা বাদক ওস্তাদ জাকির হোসেনকে সাথে নিয়ে ইন্দো-আমেরিকান সংগীত গোষ্ঠী- ‘শান্তি’গঠন করেন। তিনি দেশে এবং দেশের বাইরে, জন বারহাম, এরিক ক্ল্যাপটন, জর্জ হ্যারিসন এর মতো নানান বিখ্যাত সঙ্গীতজ্ঞদের সাথে শাস্ত্রীয় সংগীত পরিবেশন করেছেন। তিনি ইলনয়েস আর্ট কাউন্সিলের ফেলোশিপের পাশাপাশি সংগীত নাটক একাডেমি এ্যাওয়ার্ড জিতেছেন এবং গ্র্যামি এ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলেন। ২০০৭ সালে তিনি ভারতের প্রথম শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ হিসেবে রয়্যাল এশিয়াটিক সোসাইটি অফ গ্রেট ব্রিটেন এন্ড আয়ারল্যান্ডের ফেলো হিসেবে নির্বাচিত হন।
