টাঙ্গাইলে ‘যুবরাজ নাট্যোৎসব’
প্রয়াত খালেদ খান যুবরাজকে নিয়ে টাঙ্গাইলে অনুষ্ঠিত হবে তিনদিনব্যাপী “যুবরাজ নাট্যোৎসব”। হঠাৎ নাট্য সম্প্রদায়ের আয়োজনে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের নাটপুকুরে উৎসবটি অনুষ্ঠিত হবে।
উৎসবে চারটি নাট্যদল নাটক মঞ্চস্থ করবে। রোববার বিকালে তথ্যটি জানিয়েছেন যুবরাজ নাট্যোৎসব কমিটির আহবায়ক আনোয়ার পারভেজ খান ডিগু।
২৩ ডিসেম্বর সন্ধ্যা ৬ টা ১ মিনিটে উৎসবটির প্রারম্ভে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে। এতে প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য একাব্বর হোসেন, মওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. আলাউদ্দিন এবং বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক।
উৎসব প্রসঙ্গে আনোয়ার পারভেজ খান ডিগু বলেন, “আমাদের নাট্যদলের পক্ষ থেকে ২ বছর পর পর এই এলাকায় নাট্য উৎসবের আয়োজন করা হয়। সেই ধারাবাকিতায় হঠাৎ নাট্য সম্প্রদায়ে ১৬ বছরপূর্তি উপলক্ষে এবার বৃহৎ কলেবরে প্রথমবারের মতো খ্যাতিমান নাট্যজন প্রয়াত খালেদ খান যুবরাজকে নিয়ে ‘যুবরাজ নাট্যোৎসব’ করার সিদ্ধান্ত নিয়েছি। এরইমধ্যে উৎসবের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।”
তিনি আরও বলেন, “আমাদের এলাকা এক সময় সাংস্কৃতিক দিক থেকে খুব সমৃদ্ধ ছিলো। গ্রামে নিয়মিত নাটক চর্চার পাশাপাশি যাত্রা প্রদর্শনীও হতো। সেই সাংস্কৃতিক আবহ এখন গ্রামাঞ্চলে আর নেই। এ ধরনের উৎসব আয়োজনের মধ্য দিয়ে সেই পুরনো সাংস্কৃতিক আবহ তৈরি করাই আমাদের এ আয়োজনের মূল লক্ষ্য।”
২৩ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া উৎসবটির প্রথমদিন ঢাকার প্রাচ্যনাটের পরিবেশনায় মঞ্চস্থ হবে নাটক ‘কিনু কাহারের থেটার’। মনোজ মিত্রের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন।
২৪ ডিসেম্বর হঠাৎ নাট্য সম্প্রদায় ‘সঙযাত্রা’ মঞ্চস্থ করবে। আকতারুল ইসলাম জিন্নাহর রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন লুৎফর রহমান সোহেল।
একইদিন মঞ্চস্থ হবে ঢাকার অবয়ব নাট্যদলের প্রযোজনা ‘ফেরিওয়ালা’। আসাদুজ্জামান দুলালের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন শহিদুল ইসলাম শ্যানন।
উৎসবের সমাপনী দিন ২৫ ডিসেম্বর মঞ্চস্থ হবে ঢাকার থিয়েটার আর্ট ইউনিটের নাটক ‘আমেনা সুন্দরী’। এস এম সোলায়মানের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন রোকেয়া রফিক বেবী।
উৎসবে প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নাটকগুলো মঞ্চস্থ হবে।
