২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জন-মেহজাবিনের ‘হাই হিল’

প্রেম নয়, নেই কর্মই জীবন- এমন তত্ত্বে বিশ্বাসী এক পুলিশ কর্মকর্তার জীবনে ঘটনাচক্রে আগমন ঘটে এক নারীর। এরপরপরই ঘটতে থাকে নানান নাটকীয় ঘটনা। এমনই এক গল্পকে উপজীব্য করে নির্মিত হয়েছে টিভি নাটক ‘হাই হিল’।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2016, 04:58 PM

Updated : 12 Apr 2022, 03:32 AM

নাটকটিতে পুলিশ কর্মকর্তা সাদ-এর চরিত্রে জন কবির ও রাহা চরিত্রে মেহজাবিন চৌধুরী অভিনয় করেছেন। এছাড়াও নাটকে একটি বিশেষ চরিত্রে স্বনামে অভিনয় করেছেন ঢালিউডের খলনায়ক টাইগার রবি।

‘হাই হিল’ নাটকে অভিনয় প্রসঙ্গে গ্লিটজকে জন কবির বলেন, “এই নাটকের মাধ্যমে সম্পূর্ণ নতুন অবতারে পর্দায় ভক্তরা আমরাকে দেখতে পারবেন। তাই এখনই আমার অভিনীত চরিত্র সর্ম্পকে কোনো কিছুরই আভাস দিতে চাই না। একটু রহস্য থাক। তবে এতটুকু বলতে পারি তাদের ভালো লাগবে।”

অন্যদিকে চরিত্রের গভীরতার উপর নির্ভর করেই অভিনয়শিল্পীদের নির্বাচন করা হয়েছে বলে দাবি করলেন নির্মাতা খাইরুল পাপন।

এ প্রসঙ্গে গ্লিটজকে তিনি বলেন, “পুলিশের একজন বিশেষ শাখার কর্মকর্তার চরিত্রের জন্য যেমন ধরনের অভিনেতা প্রয়োজন সেখানে জন কবিরের কোন বিকল্প নেই। অল্প বয়সী চঞ্চল মেয়ের চরিত্রে জন্য মেহজাবিন সঠিক অভিনেত্রী। কারন তাকে এমন ধরনের চরিত্রগুলোতেই বেশি মানায়। আর সিনেমায় খলচরিত্রে টাইগার রবিকে দেখা গেলেও এই নাটকে তাকে নতুন অবতারে দর্শকরা দেখবেন। আমি চেয়েছি তাকে নিয়ে একটু নিরীক্ষা চালাতে।”

নাটকের গল্প ও চিত্রনাট্য করেছেন শাহরিয়ার তাসদিক।

সম্প্রতি উত্তরা, বনানী, বসুন্ধরা ৩০০ ফিট রাস্তা সহ রাজধানীর বিভিন্ন লোকেশনে সম্পন্ন করা হয়েছে নাটকটির দৃশ্যধারনের কাজ।

২০১৭ সালের ভালোবাসা দিবসে একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার করা হবে বলে গ্লিটজকে জানিয়েছে নির্মাতা।