২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেলিম আল দীনের ‘ গ্রন্থিকগণ কহে’ মঞ্চে আনছে ভোলা থিয়েটার

বিশিষ্ট নাট্যব্যক্তিত্ত্ব সেলিম আল দীন রচিত গ্রন্থিকগণ কহে টেলিভিশনে প্রচার হওয়ার পর এবার মঞ্চে আসছে শিগগির

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2016, 07:25 PM

Updated : 12 Apr 2022, 03:32 AM

বাংলা নাটকের খ্যাতিমান নাট্যকার সেলিম আল দীন রচিত টেলিভিশনে প্রচারিত দর্শকনন্দিত ধারাবাহিক নাটক ‘গ্রন্থিকগণ কহে’ এবার মঞ্চে আনছে ভোলা থিয়েটার।

মঞ্চে নাটকটি নির্দেশনা দিচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রাক্তন ছাত্র অনিক কুমার সাহা। শনিবার বিকালে এ খবরটি গ্লিটজকে জানিয়েছেন তিনি।  ভোলা থিয়েটারের ২৭ বছরপূর্তি উৎসব উপলক্ষে নাটকটি এ মাসের শেষ প্রান্তে ভোলা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রথম মঞ্চস্থ করবে দলটি। জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক অতনু করঞ্জায়।

তিনি বলেন , ‘ভোলা থিয়েটারের প্রতিষ্ঠালগ্নে সেলিম আল দীন স্যারের ‘বাসন’ নাটকটি মঞ্চস্থ করেছিলাম। বাংলা নাটকে রবীন্দ্র পরবর্তী সময়ে সেলিম আল দীন অনন্য। তাকে নিয়ে ভাবনা এবং কাজ করবার যে যোগ্যতা, সাহস, শক্তির প্রয়োজন, সেটি এতোদিন ধরে আমাদের মনে হয়নি যে, আমরা সক্ষম হবো। এবার যখন ঢাকায় অনুষ্ঠিতব্য গ্রাম থিয়েটারের আয়োজনে সেলিম আল স্মরনোৎসবে আমন্ত্রন পেয়েছি, তখন তার নাটক করবার চিন্তা মনে  এসেছে।"

তিনি আরও বলেন, “ আমাদের লোকজ শিল্প ধ্বংস হওয়ার নেপথ্যের কারণটা কোথায় সেলিম আল দীন স্যার এটি ধরবার একটি চেষ্টা করে গেছেন। তার এই চিন্তাটাকে ভেতর থেকে অনুভব করেই আমরা ‘গ্রন্থিকগণ কহে’ নাটকটি করার চেষ্টা করছি। নাট্যকারের দর্শন অনুসরণের মাধ্যমে নাটকটি মঞ্চস্থ করার  চ্যালেঞ্জ নিয়েই আমরা কাজ করছি।’

নির্দেশক অনিক কুমার সাহা বলেন, “নাট্যকারের বহুল প্রচলিত মঞ্চ নাটকগুলোর বাইরে এসে ভিন্ন মাধ্যমে রচিত নাটকের মধ্যেও যে মঞ্চগুণ নিরুপিত আছে এবং সেখানেও যে বর্ণনাত্মক রীতি খুব সফলভাবে ক্রিয়াশীল তা তুলে ধরা।”

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন অতনু করঞ্জায়, নাসির লিটন, শান্তা মুনিয়া, আনোয়ার পারভেজ, স্বাতী করঞ্জায়, সন্তু দাস, বিপ্লব দেবনাথ, জুয়েল মজুমদার ও আসিফ নিলয়।

প্রসঙ্গত, ২০১৪  সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের  স্নাতকোত্তর পরীক্ষা প্রযোজনার অংশ হিসেবে এটি প্রথম বিভাগটিতে নির্দেশনা দেন অনিক কুমার সাহা। তার নির্দেশনায় ২০১৫ সালে একই বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে নাটকটি মঞ্চস্থ হয়।

নব্বই দশকের শেষ দিকে ধারাবাহিক এ নাটকটি বাংলাদেশ টেলিভিশনে প্রথম প্রচার হয়। রিয়াজ উদ্দিন বাদশার প্রযোজনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন গোলাম মুস্তাফা, শিমূল ইউসুফ , হুমায়ূন ফরিদী , পীযূষ বন্দ্যোপাধ্যায়, সূবর্ণা মুস্তাফা, জহির উদ্দিন পিয়ার,  শহীদুজ্জামান সেলিম।

২০১২ সালে নাটকটি নতুন আঙ্গিকে টেলিভিশনের জন্য নির্মাণ করেন বদরুল আনাম সৌদ। এটি প্রচার হয় চ্যানেল নাইনে।