একুশে টিভিতে ‘আমাদের ৭১’
বিজয়ের মাস উপলক্ষ্যে একুশে টিভিতে প্রচারিত হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক চার পর্বের তথ্যচিত্র `আমাদের ৭১' । ১৬ ডিসেম্বর প্রচারিত হবে এর শেষ পর্ব ‘প্রান্তিক জনগণের যুদ্ধ’।
এই পর্বে রাজশাহীর দুর্গাপুর উপজেলার যুগিশো ও পালশা গ্রামের একটি গণহত্যার ঘটনা উঠে এসেছে। ১৯৭১ সালের ১৬ মে ওই দুই গ্রামের ৪২ জন মানুষকে পাশবিক নির্যাতনের পর হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনী। তাদের এই কাজে সহায়তা করে স্থানীয় রাজাকার ও শান্তি কমিটির ঘাতকরা। ওই হত্যাকাণ্ডের শিকার ৪২ জনই ছিলেন হিন্দু ধর্মালম্বী। তথ্যচিত্রটিতে আরও থাকছে, রাজশাহীর পবা উপজেলার বেড়পাড়া গ্রামের প্রান্তিক জনগোষ্ঠির মুক্তিযোদ্ধারা কীভাবে অস্ত্রহাতে যুদ্ধে নেমেছিলেন সে বর্ণনাও।
এর আগে প্রচারিত হয়েছে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আক্রমণ’, ‘বুদ্ধিজীবী ও গণহত্যা’, ‘শাঁখারি বাজার ও জিনজিরা আক্রমণ’ নামের আরও তিনটি পর্ব।
চার পর্বের এই তথ্যচিত্রের গবেষণা ও সঞ্চালনায় ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক আফসান চৌধুরী, প্রযোজনায় একুশে টিভির জ্যেষ্ঠ প্রযোজক রঞ্জিত মল্লিক। বেসরকারি চ্যানেলটির প্রধান নির্বাহী মঞ্জুরুল আহসান বুলবুল-এর সার্বিক তত্ত্বাবধানে তথ্যচিত্রটি প্রচারিত হচ্ছে।
আফসান চৌধুরী এই তথ্যচিত্র প্রসঙ্গে বলেন, “এই তথ্যচিত্রটির প্রযোজনায় যারা ছিল, তারা মুক্তিযুদ্ধকে একটি ভিন্ন দৃষ্টিতে দেখতে চেয়েছে। বিশেষ করে প্রান্তিক জনগণের যুদ্ধ তারা এই তথ্যচিত্রের মাধ্যমে তুলে আনতে পেরেছে। এটি অত্যন্ত মৌলিক একটি কাজ। বিশেষ করে যুদ্ধে আঘাতপ্রাপ্তদের অভিজ্ঞতা এতে সামনে আনার ফলে এই তথ্যচিত্রের বহুমাত্রিকতা প্রকাশ পেয়েছে।”
‘আমাদের ৭১’-এর গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, “এই তথ্যচিত্রটি তৈরি করার ফলে এই তথ্যগুলো আর হারিয়ে যাবে না। এই তথ্যচিত্রের মধ্য দিয়েই এই যোদ্ধারা বেঁচে থাকবেন চিরকাল।”
‘ঢাকা বিশ্ববিদ্যালয় আক্রমণ’ নামের পর্বটিতে দেখানো হয় ১৯৭১ সালের ২৫ মার্চ কীভাবে পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র ছাত্রদের উপর হত্যাযজ্ঞ চালায়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে সেই রাতের করুণ চিত্র।
‘বুদ্ধিজীবী ও গণহত্যা’ পর্বটিতে শহীদ বুদ্ধিজীবীদের স্ত্রী ও সন্তানদের সাক্ষাৎকারে উঠে এসেছে ১৪ ডিসেম্বর রাতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের কীভাবে পাকিস্তানি বাহিনি ও তাদের দোসরেরা তুলে নিয়ে যায়- সেই ভয়াল গল্প। প্রত্যক্ষদর্শীদের বয়ানে উঠে এসেছে ঢাকা রাজশাহীতে বুদ্ধিজীবি হত্যার চিত্র।
১৫ ডিসেম্বর প্রচারিত হবে ‘শাঁখারি বাজার ও জিনজিরা আক্রমণ’। পুরান ঢাকার শাঁখারি বাজারে ১৯৭১ সালের ২৬ থেকে ২৮ মার্চ অনেক মানুষকে গুলি করে হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনী। সেই হত্যা থেকে বাঁচতে পার্শ্ববর্তী কেরানিগঞ্জের জিনজিরাতে আশ্রয় নেওয়া মানুষদেরকেও ছাড়েনি সেই ঘাতকরা। নিরীহ মানুষদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে তাদের অনেককেই হত্যা করে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা দিয়েছেন সেই বর্ণনা।
