মুক্তিযুদ্ধ আমাদের সবচেয়ে বড় অর্জন
৪৫ বছর আগের এই রাতে পাকিস্তানি বাহিনীর দোসররা তুলে নিয়ে যায় বাংলার সূর্যসন্তানদের। স্বাধীনতার পরে তাদের কেউই আর ফিরে আসেননি পরিবারের কাছে। এরপর থেকেই তার না ফেরার স্মৃতি বয়ে চলছেন স্বজনেরা। বুদ্ধিজীবী শহীদ ডা: আলীম চৌধুরী তাদেরই একজন। শহীদ বুদ্ধিজীবীদের জন্য নিজের ভাবনা বিনিময় করেছেন ডা: আলীম চৌধুরীর মেয়ে, চিকিৎসক ও সামাজিক আন্দোলনকর্মী নুজহাত চৌধুরী।
মুক্তিযুদ্ধ আমাদের সবচেয়ে বড় অর্জন। সবচেয়ে বড় অহংকারের জায়গা। মুক্তিযুদ্ধ করেই আমরা আমাদের স্বাধীন দেশটা পেয়েছি। যেটা আমাদের বাঙালির হাজার বছরের আকাঙ্খা ছিল, একটি স্বাধীন দেশ। এই বুদ্ধিজীবী দিবসটা আমাদের জন্য তাৎপর্যময় এ কারনে, এ বুদ্ধিজীবীরা সেই মানুষগুলোই ছিলেন। যাদের বুদ্ধিবৃত্তিক চর্চার জন্য বাঙালি কিন্তু পাকিস্তানের সেই সাম্প্রদায়িক রাজনীতির বলয় থেকে বের হয়ে তার মেধা ও মননে কিন্তু একটা স্বাধীন দেশের যে আকাঙ্খা গড়ে তোলা এবং বাঙালি জাতীয়তাবাদের বোধটা, সেটাতে দৃঢ়ভাবে দাঁড়ানো এবং সচেতন হওয়া এবং এই আমাদের অসাম্প্রদায়িক যে চরিত্র হাজার বছরের।
ডা: আলীম অ্যান্ড ফ্যামিলি: পরিবারের সঙ্গে হাস্যোজ্জ্বল ডাঃ আলীম চৌধুরী
কারণ আমরা জানি যে, আমাদের আদর্শের যুদ্ধ এখনও চলছে। এবং আমাদের আদর্শের যুদ্ধের যে শত্রুরা, সেই শত্রুরা কিন্তু এখনও সক্রিয়। বরং আমাদের চেয়ে বেশি সক্রিয়। সুতরাং এই দিনটা বারবার আমাদের মনে করিয়ে দেয়, যদি আমরা আপোস করি, যদি আমরা আদর্শের যুদ্ধে সৎভাবে শক্ত পথে চলতে না পারি । তাহলে আমাদের দেশ কিন্তু খারাপ সময় আগে দেখেছে, খারাপ সময় বর্তমানেও কিছুদিন আগে দেখেছে। আরও খারাপ কিছু যেন আমাদের ভবিষ্যৎপ্রজন্মের জন্য আমরা রেখে না যাই, সেই কথাটিই আমাদের স্মরণ করিয়ে দেয় এ দিন।
অনুলিখন : সোহেল আহসান
