উপস্থাপনায় ফিরলেন নওশাবা
আবারও টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনায় ফিরলেন মডেল অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ।
সোমবার বিকালে গ্লিটজকে খবরটি জানিয়েছেন নওশাবা।
অনুষ্ঠানটির নাম ‘রঙিলার রঙ্গশালা’। এটি প্রতি বুধবার রাত ৯টায় প্রচার হচ্ছে নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনে। বিনোদন ভুবনের তথ্যের পাশপাশি বিশ্বের অজানা এবং রহস্যময় বিষয়গুলো এ অনুষ্ঠানে উপস্থাপন করা হয়।
এ প্রসঙ্গে নওশাবা বলেন, ‘যেখানে অভিনয়ের জায়গা নাই, ভাবনার জায়গা নাই। সেই ধরনের কাজ আমি করতে চাই না। আমার নিজস্ব ভালোলাগা নিয়েই কাজ করে যাচ্ছি।’
অভিনয়েও নওশাবা নিয়মিত। মানিক মানবিক-এর পরিচালনায় ‘মন ছুঁয়েছে মন’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। এটি শিগগিরই এটিএন বাংলায় প্রচার শুরু হবে।
এছাড়া চলচ্চিত্রেও নিয়মিত অভিনয় করেন তিনি। তার অভিনীত ছয়টি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে। এগুলো হলো খিজির হায়াত খান-এর পরিচালনায় ‘ প্রতিরুদ্ধ’, ফকরুল আরেফিন খান-এর ‘ভুবন মাঝি’, এন রাশেদ চৌধুরীর ‘ চন্দ্রাবতী’, দীপংকর দীপন-এর ‘ঢাকা অ্যাটাক’ এবং তানিম রহমান অংশুর ‘স্বপ্নবাড়ি’।
এছাড়া টেলিভিশন বিজ্ঞাপনে সরব উপস্থিতি আছে তার।
