২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুরুষ ও নারী- দুই বিভাগেই অস্কার মনোনয়ন পেতে পারেন এই শিল্পী

অভিনয়শিল্পীদের জন্য অস্কার কতোটা আরাধ্য- সেটা সবাই জানেন। কিন্তু কেউ যদি ঠিকই না করতে পারে, অভিনেতা না অভিনেত্রী- কোন বিভাগের মনোনয়ন চাই, তাহলে?

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2016, 10:25 PM

Updated : 12 Apr 2022, 03:29 AM

ঠিক এই সমস্যাতেই পড়েছেন ‘কনফেশন্স অফ আ উওম্যানাইজার’ নামের একটি মার্কিন সিনেমার প্রযোজকেরা। এই সিনেমার অন্যতম শিল্পী কেলি ম্যান্টল যে লৈঙ্গিক পরিচয়ের বাঁধায় নিজেকে বাঁধতে চাননা একেবারেই!

পুরুষ হয়েই জন্মেছিলেন ম্যান্টল; কিন্তু ক্যারিয়ারের বেশিরভাগ সময়েই অভিনয় করেছেন নারীর ভূমিকায়। ‘কনফেশন্স অফ আ উওম্যানাইজার’-এও তার চরিত্রটি একজন রূপান্তরকামী যৌনকর্মীর। 

আর তাই, ম্যান্টল-এর জন্য মনোনয়ন বিবেচনা যেন অভিনেতা ও অভিনেত্রী- দুই বিভাগেই করা হয়, এমন আবেদনই করেছিল তার সিনেমার প্রযোজকেরা। সুসংবাদটা হলো, তাদের এই আবেদন গ্রহণ করেছে অস্কার কর্তৃপক্ষ।

ভাগ্যের শিকেটা যদি ছিড়েই যায়, তবে ম্যান্টলই হবেন প্রথম শিল্পী, যিনি একই সঙ্গে দুই বিভাগে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন।

অস্কার অবশ্য তৃতীয় লিঙ্গ আর রূপান্তরকামী চরিত্রের অভিনয়শিল্পীদের জন্য বরাবরই সদয়। ‘বয়’জ ডোন্ট ক্রাই’-এর জন্য হিলারি সোয়াঙ্ক, ‘দ্য ওয়ার্ড অ্যাকর্ডিং টু গ্র্যাপ’-এর জন্য জন লাইটগো এবং সর্বশেষ ‘ডালাস বায়ার্স ক্লাব’-এর জন্য জ্যারেড লেটো এধরণের চরিত্রে অভিনয় করে পেয়েছেন সেরার পুরস্কার।

দেখাই যাক না, ২০১৭ সালের অস্কার কী চমক নিয়ে অপেক্ষা করছে কেলি ম্যান্টল-এর জন্য!