২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘নোবেল জয় চাঁদে পা রাখার মতোই’

চলতি বছরের সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করে যতোটা না আলোচনায় এসেছিলেন তিনি, তার চেয়েও বেশি শোরগোল ফেলেছেন দীর্ঘদিন এই ব্যাপারে নিরব থেকে। শেষমেশ এও জানিয়েছিলেন, নোবেল নিতে সুইডেন যেতেও পারবেন না তিনি। তবে, এতো কিছুর পরও শনিবার রাতের স্টকহোমের নোবেল মঞ্চ যেন হয়ে রইলো শুধুই বব ডিলানময়।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2016, 07:28 PM

Updated : 12 Apr 2022, 03:29 AM

দ্য গার্ডিয়ান বলছে, সশরীরে যেতে পারেননি ঠিকই, কিন্তু নিজের লেখা একটি বক্তব্য পাঠিয়ে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মারফত। সেখানেই বব ডিলান তুলে ধরেছেন নোবেল জয় বিষয়ে তার অনুভূতি।

ওই বক্তব্যে ডিলান জানান, রুডইয়ার্ড কিপলিং, জর্জ বানার্ড শ, থমাস মান, পার্ল এস বাখ, আর্নেস্ট হেমিংওয়েদের মতো সাবেক নোবেলজয়ীদের লেখা পড়েই বেড়ে উঠেছেন তিনি; কিন্তু এই পুরস্কারটি একদিন নিজের হাতেই উঠতে পারে, এই স্বপ্ন কখনোই দেখেননি।

তিনি বলেন, “সত্যিই এটা ভাষায় প্রকাশের উর্ধে। কেউ যদি কখনও আমাকে বলতো, নোবেল জয়ের সূক্ষতম সম্ভাবনাও আমার আছে, আমি তবে ধরেই নিতাম, ব্যাপারটা চাঁদে পা রাখতে পারার মতোই হবে।”

ডিলানকে নোবেল-এর জন্য নির্বাচিত করা নিয়ে প্রশ্ন উঠেছে অনেক। তার গানের কথার সাহিত্যমূল্য আদৌ আছে কিনা- এই সমালোচনায় মুখর ছিলেন অনেকেই।

এক্ষেত্রে শেক্সপিয়ার-এর উদাহরণ টেনে ডিলান তার বক্তব্যে বলেন, “তিনি (শেক্সপিয়ার) যখন হ্যামলেট লিখছিলেন, আমি নিশ্চিত তার মাথায় অনেকগুলো প্রশ্ন ঘুরছিল। যেমন- এই নাটকের জন্য সেরা কলাকুশলী কারা হবেন, এটা কীভাবে মঞ্চায়ন করবো, এটার পটভূমি কি সত্যিই ডেনমার্ক হবে কিনা, আমার পৃষ্ঠপোষকদের জন্য ভালো বসার ব্যাবস্থা করতে পারবো কিনা বা, এটার জন্য মানুষের মাথার খুলি কোথায় পাবো?- তার প্রশ্নাতীত সৃজনশীলতার বাইরেও এধরেণের সাধারণ আটেপৌরে বিষয় নিশ্চয়ই তাকে ভাবাতো।”

“আমি বাজি ধরে বলতে পারি, ওইসব প্রশ্নের ভেতরে ‘এটা কি আদৌ সাহিত্য?’- এটা কখনও ছিলো না,” যোগ করেন তিনি।

এরপর ডিলান নিজের প্রসঙ্গ টেনে বলেন, “শেক্সপিয়ারের মতোই, 

আমার সৃজনশীল যাত্রার মধ্যেই আমি জীবনের আটপৌরে ব্যাপারগুলো নিয়ে ভাবিত হয়ে যাই। আমার গানের জন্য সেরা শিল্পীরা কারা? ঠিক স্টুডিওতেই রেকর্ড করছি তো? এই গানটি কি সঠিক সুরে আছে?- এই সব প্রশ্নই আমার মাথায় ঘুরপাক খায়।”

“চারশ’ বছরেও কিছু ব্যাপার বদলায় না। আর তাই, জীবনে কখনও আমি নিজেকে একবারের জন্যও জিজ্ঞেস করিনি, ‘আমার গানগুলো কি সাহিত্য’?”

সবশেষে নোবেল কর্তৃপক্ষকে তিনি ধন্যবাদ জানিয়ে বলেন, “আর তাই সুইডিশ অ্যাকাডেমিকে আমি দুটো কারণে ধন্যবাদ জানাবো; এক, এই প্রশ্নটা গুরুত্ব সহকারে করার জন্য, এবং দুই, এর উপযুক্ত জবাব প্রদানের জন্য।”

ডিলানের এই বক্তব্য পাঠের আগে তারই লেখা ‘আ হার্ড রেইন আ-গনা ফল’ গানটি মঞ্চে গেয়ে শোনান মার্কিন সংগীতশিল্পী প্যাটি স্মিথ। তবে, কিছু চরণের পরই ‘আই স আ ব্ল্যাক ব্রাঞ্চ দ্যাট কেপ্ট ব্লাড ড্রিপিং’ বাক্যটি বলতে ভুলে যান তিনি। অবশ্য সঙ্গে সঙ্গেই উপস্থিত দর্শকদের কাছে ক্ষমা চেয়ে ফের গানটি শুরু করেন তিনি।